এয়ারটেলের সঙ্গে ৩ ব্যাংকের চুক্তি
বেসরকারি টেলিফোর অপারেটর এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা দিতে দেশের তিনটি ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল), ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড (এনসিসিবিএল) এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) তাদের সঙ্গে এ চুক্তি করেছে।
তিনটি ব্যাংকের সঙ্গে চুক্তি হওয়ার ফলে তাদের হয়ে এয়ারটেল মোবাইল ব্যাংকিং সেবা দিবে, যার নাম রাখা হয়েছে ‘শিওর ক্যাশ’। আর এতে কারিগরিভাবে সহায়তা করছে প্রগতি সিস্টেমস লিমিটেড (পিএসএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এয়ারটেল গ্রাহকরা একটি সাধারণ নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে এই সেবা গ্রহণ করতে পারবেন। এই সেবাটি এয়ারটেল এম-কমার্স ইউএসএসডি কোড *৪০০# এর আওতায় অন্তর্ভূক্ত থাকবে।
“এর আওতায় এয়ারটেল গ্রাহকরা ক্যাশ ইন, ক্যাশ আউট, মানি ট্রান্সফার, স্কুল ফি পেমেন্ট, স্যালারি পেমেন্ট এবং মার্চেন্ট পেমেন্ট সেবা ব্যবহার করতে পারবেন।”
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশের চিফ সার্ভিস অফিসার ও হেড অফ এম কমার্স রুবাবা দৌলা, এফএসআইবিএলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ চৌধুরী, এনসিসিবিএলের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: ওমর ফারুক ভূঁইয়া এবং বিসিবিএলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম জাহাঙ্গীর আখতার নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন।
