অর্থ নয়, পরামর্শ দেবে পোশাকের বিদেশি ক্রেতারা
বাংলাদেশে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতির জন্য কোনো ধরনের অর্থ দেবে না বলে জানিয়েছে বিদেশি ক্রেতারা, তাদের সহযোগিতা পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের মৃত্যুর প্রেক্ষাপটে কয়েকটি শ্রমিকদের কর্মস্থল নিয়ে উদ্বেগ থেকে কয়েকটি কারখানা পরিদর্শনের পর মঙ্গলবার ইউরোপের পোশাক ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড এক সংবাদ সম্মেলনে একথা জানায়।
অ্যাকর্ড বাংলাদেশের নির্বাহী পরিচালক রব রয়েস বলেন, “ঝুঁকিতে থাকার কারণে কোনো কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে, ওই সময়ে শ্রমিকদের মজুরি ও বেতনের দায় মালিকপক্ষকেই নিতে হবে।
“মালিকপক্ষ যদি একেবারেই না পারে, তাহলে আমরা উৎস দেখিয়ে দেব। তার মানে এই নয় আমরা টাকা দেব।”
গত ডিসেম্বরে কারখানার ভবন বা অবকাঠামো নিরাপত্তা, অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তাসহ সার্বিক কর্মপরিবেশ যাচাই করতে কারখানাগুলো পরিদর্শনের সিদ্ধান্ত নেয় অ্যাকর্ড।
প্রথম দফায় পরিদর্শন করা কারখানার মধ্যে ১০টির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করতে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের এই সংগঠন।
পরিদর্শনের সময় কারখানা বন্ধ করা নিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা অসন্তোষ জানালেও রব ওয়েস বলেন, “আমরা কারখানা পরিদর্শন করছি বাংলাদেশের পোশাক খাতের উন্নতির জন্যই।”
অ্যাকর্ডের এই পরিদর্শন দলে দেশি-বিদেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা রয়েছেন। অ্যাকর্ড বিদেশ থেকে প্রকৌশলী নিয়ে আসার পর গার্মেন্টস মালিকদের আপত্তির মুখে দেশি প্রকৌশলীও যোগ করা হয়।
রব ওয়েস বলেন, তারা যা সুপারিশ করেছেন, তার বাস্তবায়ন তদারকিতে বাংলাদেশ থেকে ২৫ জন প্রকৌশলী নিয়োগ করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের অন্তুর্ভুক্ত দেশগুলোর ৯০টি পোশাক বিক্রেতা ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের জোট অ্যাকর্ড, যার সঙ্গে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর বেশ কয়েকটির সংশ্লিষ্টতা ও যোগাযোগ রয়েছে।
গত বছরের এপ্রিলে সাভারে রানা প্লাজা ধসের পর কারখানার কর্মপরিবেশ যাচাইয়ের জন্য মে মাসে সংগঠনটি বাংলাদেশে কাজ শুরু করে।
বব ওয়েস জানান, ইতোমধ্যেই ৬৮টি কারখানা পরিদর্শন করেছেন তারা। তবে এর মধ্যে ১০টির ভবনের অবকাঠামো দিক, অগ্নি ও বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রতিবেদন প্রথম দফায় তুলে ধরা হয়েছে।
যেসব কারখানার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, সেগুলো হচ্ছে- আলিফ গার্মেন্টস, আনলিমা টেক্সটাইল, বিগ বস কর্পোরেশন লিমিটেড, ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেড, ফ্যাশন আইল্যান্ড লিমিটেড, গ্রামীণ নীটওয়্যার লিমিটেড, মজুমদার ফ্যাশন লিমিটেড, রেড পয়েন্ট জ্যাকেট লিমিটেড, রিও ফ্যাশনওয়্যার লিমিটেড অ্যান্ড রিও ডিজাইন লিমিটেড এবং ভিয়েলাটেক্স লিমিটেড।
এসব কারখানায় অতিরিক্ত লোড, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সংযোগ, বাইরে বেরোনোর সমস্যা, বাইরে বেরোনোর পথ আগুন প্রতিরোধক নয় ইত্যাদি সমস্যা পেয়েছে অ্যাকর্ড।
চূড়ান্ত প্রতিবেদনে কারখানাগুলোকে অটোমেটিক ফায়ার এলার্ম সিস্টেম, অটোমেটিক স্প্রিংলার সিস্টেম, ফায়ার ডোর, এমার্জেন্সি লাইটিং, স্মোক ডিটেক্টর, ম্যাগনেটিক হোল্ড ওপেন ডিভাইস ব্যবহারের পরামর্শ দিয়েছে সংগঠনটি।
অ্যাকর্ড জানায়, এসব সমস্যা সমাধানে কারখানাগুলোর ২৭টি ক্রেতা প্রতিষ্ঠানকে কোম্পানির ব্যবস্থাপনা পরিষদের সঙ্গে আলোচনার পরামর্শও দেয়া হয়েছে।
যেসব কারখানায় বৈদ্যুতিক, ভবনগত নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে ত্রুটি ধরা পড়েছে তাদের পরবর্তী করণীয় কার্য পরিকল্পনা দেয়া হয়েছে অ্যাকর্ডের পক্ষ থেকে।
ত্রুটি সারাতে প্রয়োজন অনুযায়ী মালিকদের তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় দিয়েছে অ্যাকর্ড।
চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের ১৭৫০টি কারখানা পরিদর্শন করে অবকাঠামো ও স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শন শেষে উন্নয়নের জন্য সুপারিশ দেবে অ্যাকর্ড।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লয়েল, স্টিয়ারিং কমিটির সদস্য শ্রমিক লীগ নেতা রায় রমেশ চন্দ্র।
তৈরি পোশাকশিল্প নিয়ে ‘ষড়যন্ত্র’ হচ্ছে বলে গত কয়েকদিন বিজিএমইএ নেতারা যে অভিযোগ করে আসছেন সে বিষয়েও সাংবাদিকদের প্রশ্নে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন অ্যাকর্ডের নির্বাহী পরিচালক।
“অ্যাকর্ড কোনো ষড়যন্ত্রের অংশ নয়। বরং পোশাক শিল্প যাতে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে আরো মানবিক হতে পারে সেজন্য কাজ করছে।”
এই বিষয়ে ব্র্যাড লয়েন বলেন, “এখনই এ ধরনের অভিযোগ তোলা ঠিক হচ্ছে না। কারণ সময় বেশি যায়নি।”
শ্রমিক লীগ নেতা রমেশ চন্দ্র বলেন, সবার সঙ্গে এক হয়ে দেশের কারখানাগুলোর একটা স্থিতিশীল স্থানে আনার জন্য বিজিএমইএ, সরকার ও সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে কাজ করছে অ্যাকর্ড ফাউন্ডেশন।
“আর আমাদের দেশে তো ষড়যন্ত্র-তত্ত্ব নতুন কিছু না। যদি তাই হয়, তাহলে এর শুরুটা হয়েছিল কোথায়, তা বের করা উচিত।”
