‘জনপ্রিয়তার জন্য কনটেন্ট বাড়ানো জরুরি’
মোবাইলে ইন্টারনেট জনপ্রিয় করতে কনটেন্ট বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন গ্রামীণফোনের সিইও বিবেক সুদ।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে টেলিনর ও গ্রামীণফোন (জিপি) আয়োজিত ‘টেলিনর এক্সচেঞ্জ এমপাওয়ারিং সোসাইটিজ থ্রু ইন্টারনেট ফর অল’ শীর্ষক এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
সেমিনারে আলোচনায় অংশ নেন গ্রামীণফোনের সিইও বিবেক সুদ, জিপিআইটি’র সিইও রায়হান শামসী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, ডেলের সোনিয়া বশির কবির, গণিত অলিম্পিয়াডের মুনীর হাসান, আহতারাম উদ্দিন, এম এ মোবিন খান, নেসার মাকসুদ খান ও টেলিনরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স-এশিয়া রিজন) হাকন ব্রুসেট জেল।
বিবেক সুদ বলেন, “মোবাইল ফোনে এক সময় শুধু কথা বলা হতো। এর সঙ্গে অন্য কিছুর সহায়তা প্রয়োজন হতো না। কিন্তু এখন ইন্টারনেটের সঙ্গে কনটেন্ট ডেভেলপার অত্যন্ত জরুরি।”
তিনি বলেন, “ইন্টারনেটের প্রাপ্ত তথ্য সহজলভ্য করা দরকার। ইন্টারনেটের আরো বেশি বেশি সেবা নিয়ে আসা উচিত।”
জিপি আইটির সিইও রায়হান শামসী বলেন, “বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের হার ১০ শতাংশ। এর মধ্যে কার্যকরীভাবে ব্যবহারের হার মাত্র ৩ থেকে ৪ শতাংশ।”
“আমেরিকায় ইন্টারনেট ব্যবহারের হার ৭০ শতাংশ, ইউরোপে ৬০ শতাংশ, এশিয়ায় ৩০ শতাংশ”, যোগ করেন তিনি ।
রায়হান শামসী বলেন, “ব্যাংকে যাওয়া কিংবা বিদ্যুতের বিল দিতে যাওয়া এটি ঝামেলার কাজ। যদি ইন্টারনেটের মাধ্যমে কেউ এটি করতে পারেন, তাহলে যাতায়াত ভাড়া, সময় দুটোই বেঁচে যাবে গ্রাহকের।”
সেমিনারে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “২০১৪ সাল হবে ইন্টারনেট বিপ্লবের বছর। আগামী পাঁচ বছরে আমরা এক বিলিয়ন ডলার রফতানি, এক মিলিয়ন পেশাদার আইটি দক্ষশক্তি তৈরি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আমরা।
“প্রতি বছর আরো এক কোটি মানুষকে ইন্টারনেট ব্যবহারের আওতায় আনা এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি খাত থেকে এক শতাংশ অবদান রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং বিস্তারিত সামগ্রিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।”
