২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত

ট্রানজিট বা করিডোর যে নামেই ডাকা হোক প্রতিবেশী ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে সরকার যোগাযোগ (কানেক্টিভিটি) বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 04:33 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সাত মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে ভারতের সঙ্গে বাণিজ্য বাড়ানোর বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।

এর মধ্যে রয়েছে বাংলাবান্দা-ফুলবাড়ি বন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপন, বুড়িমারি-চেংরাবান্দা স্থল বন্দরের ভারতীয় বন্দরের অবকাঠামো উন্নয়ন, আখাউড়া-আগরতলা রেল লিঙ্কের কাজ দ্রুত শেষ করা, আগরতলা-রামগাঁও যোগাযোগ নিয়ে যৌথ আলোচনা শুরু ও ভারতের ফুলবাড়ির রেলপথের সঙ্গে বাংলাদেশকে সংযুক্তি।

এছাড়া রোহনপুর-সিন্দাবাদ রেল লিঙ্ক, গুয়াহাটির সঙ্গে আগামী জুনের মধ্যে বিমান চালু, ব্রহ্মপুত্র নদীতে ড্রেজিং করে ভারতে পণ্য রপ্তানি এবং গুয়াহাটি ও চেন্নাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশন স্থাপনের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে।

তোফায়েল সাংবাদিকদের বলেন, “ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়েছে। মূল লক্ষ্য হলো তামাক ও অ্যালকোহল ছাড়া ভারত যেসব পণ্যে কোটামুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে তা সফলতার সঙ্গে বাধামুক্ত রপ্তানি করা।

“বাধা দূর করতে স্থল বন্দরের মধ্য দিয়ে যেন পণ্য রপ্তানি হতে পারে এবং ভারত থেকেও পণ্য আমদানি করা যায় সেজন্য বন্দরগুলোকে উন্নীত করে সেখানে কাস্টমস অফিস স্থাপন করা হবে।”

‘কানেকটিভিটির’ প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, “সড়ক, নৌ ও রেল পথে আমরা পণ্য রপ্তানি করতে পারি, সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।”

ট্রানজিটের বিকল্প হিসাবে ভারতকে এসব ‘লিঙ্ক’ দেয়া হচ্ছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য বাড়াতে হলে আমাদের যোগাযোগ ব্যবস্থা (কানেকটিভিটি) বাড়াতে হবে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ।”

“কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত হয়ে সড়ক ব্যবস্থা হবে। তাতে আমরা লাভবান হবো।”

তিনি বলেন, “করিডোর বলেন বা ট্রানজিট বলেন দ্যাট ইজ নট ইমপরটেন্ট। ইমপরটেন্ট হলো কানেক্টিভিটি। এক দেশের সঙ্গে আরেক দেশের সংযোগ স্থাপন করা।”

থাইল্যান্ড, মিয়ানমার ও ভারত এই সংযোগ স্থাপনে চেষ্টা করছে বলেও জানান মন্ত্রী।

“আমরা যদি আমাদের দরজা বন্ধ করে দেই অন্য জায়গায় তারা দরজা খুলে নেবে। তার মানে এই নয় আমরা বিনা স্বার্থে আমাদের দরজা খুলে দেব, এগুলো স্বার্থ সংশ্লিষ্ট।”

তোফায়েল বলেন, “ট্রানজিট বা করিডোর দেয়া- না নেয়া নয়। ট্রানজিট ও করিডোর নিয়ে আমাদের মাইন্ড সেট আছে। সেই ব্যাপারটা আমরা আলোচনা করেছি।”

বাণিজ্যমন্ত্রী ছাড়াও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান ও রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর বিজভী, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার আহমেদ তারেক করিম ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।