পূবালী নিয়ে হাই কোর্টের আদেশই বহাল
পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে দেয়া হাই কোর্টের আদেশ স্থগিতের সিদ্ধান্ত তুলে নিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এই আদেশের ফলে হাই কোর্টের আদেশই বহাল থাকল। এতে ওই আটজন আর পূবালী ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না বলে জানিয়েছেন ব্যাংকের আইনজীবী।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী ব্যাংকে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকায় হাই কোর্টের বিচারপতি এম আর হাসান গত ২৫ ফেব্রুয়ারি পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেন।
এই আটজন হলেন- চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এবং পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, সুরাইয়া রহমান, আজিজুর রহমান।
তবে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী পরদিন ওই এদশ স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
রোববার আপিল বিভাগের শুনানিতে ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম। আর হাই কোর্টে আবেদনকারী পূবালী ব্যাংকের শেয়ার মালিক শফি আহমেদের পক্ষে ছিলেন সাকেব মাহবুব।
আদেশের পর আখতার ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ আপিল বিভাগ কনটিনিউ করেনি। ফলে হাই কোর্টের আদেশই বহাল থাকল। পরিচালকরাও আর পদে থাকতে পারছে না।”
২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানির পরিচালকদের ব্যাক্তিগতভাবে নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে। যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তা ছয় মাসের মধ্যে অর্জন করতে বলা হয়।
ন্যূনতম শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন গতবছর ১৪ অগাস্ট ওই আট পরিচালককে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে।
এরপর তারা হাই কোর্টে গেলে আদালত গত ২০ অগাস্ট কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে দেয়। পরদিন নির্বাচনে তারা পরিচালক নির্বাচিত হয়ে যান।
পূবালী নিয়ে হাই কোর্টের আদেশ স্থগিত
পূবালীর চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য
