২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের রেটিং করবে ফিচ

আন্তর্জাতিক রেটিং এজেন্সি ফিচ বাংলাদেশের ‘সার্বভৌম রেটিং’ (Sovereign rating) করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 07:54 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

ইতোমধ্যে গত চার বছর ধরে আন্তর্জাতিক সংস্থা মুডিস ও স্টান্ডার্ড অ্যান্ড পুওর (এস অ্যান্ড পি) বাংলাদেশে 'সার্বভৌম রেটিং' করে আসছে।

সর্বশেষ রেটিংয়ে মুডিস বাংলাদেশকে ‘বিএ-৩’ এবং এস এন্ড পি ‘বিবি-’ রেটিং দিয়েছে।

'সার্বভৌম রেটিংয়ে' একটি দেশে বিনিয়োগের নানা ঝুঁকি বিবেচনা করে তাকে সুনির্দিষ্ট 'গ্রেড' দেয়া হয়। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এ ধরনের রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা এ ধরনের রেটিংয়ে কোন নির্দিষ্ট দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকিও বিশ্লেষণ করা হয়।

নির্বাহী পরিচালক আহসানউল্লাহ বলেন, “গত কয়েকবছর ধরে এস অ্যান্ড পি এবং মুডিস আমাদের রেটিং করছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ভালো হয়েছে। এবছর ফিচ নিজ থেকেই আমাদের দেশের রেটিং করার আগ্রহ প্রকাশ করেছে।

"প্রথম বছর রেটিংয়ের জন্য ফিচ কোন অর্থ নেবে না। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি।”

এস অ্যান্ড পি এবং মুডিসকে রেটিংয়ের জন্য প্রতিবছর প্রায় দেড় লাখ ডলার দিতে হয়।

১৯১৩ সালে প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে ফিচ । ওইসময় প্রতিষ্ঠানটি শিল্প বিনিয়োগের জন্য অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে ‘দ্য ফিচ স্টক অ্যান্ড বন্ড ম্যানুয়াল’ এবং ‘দ্য ফিচ বন্ড বুক’ নামের দুটো প্রকাশনা বের করতো।

এরপর ১৯২৪ সালে কোম্পানিটি রেটিং কার্যক্রম শুরু করে।

বর্তমানে বিশ্বের ত্রিশটি দেশে কার্যক্রম চালু রয়েছে ফিচের, যৌথভাবে যার মালিকানায় রয়েছে প্যারিসভিত্তিক ফিমালাক এস এ এবং নিউইয়র্ক ভিত্তিক হার্টস কর্পোরেশন।