ব্যাংক থেকে মুখ পুঁজিবাজারে ঘোরানোর পরামর্শ
দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো অর্থ সংগ্রহের জন্য পুঁজিবাজারে যায়, সে বিষয়ে ব্যাংকগুলোর সহায়তা পদক্ষেপ চেয়েছেন গভর্নর আতিউর রহমান।
মঙ্গলবার দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি এই সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি ব্যাংকারদের উদ্দেশে বলেন, “ব্যাংক ব্যবস্থার স্বল্পমেয়াদি আমানত ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য সুলভ রাখতে দেশের বড়ো কর্পোরেট ও কংগ্লোমারেট গ্রুপগুলো যাতে ব্যাংক ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে সে বিষয়ে সজাগ থাকতে হবে।”
বড় শিল্পোদ্যোক্তারা যেন পুঁজিবাজারমুখী হন, সেজন্য ব্যাংকগুলো দায়িত্ব নেবে বলে প্রত্যাশা করেছেন আতিউর।
এই প্রসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যখন চেয়ারম্যান ছিলাম, তখনো এ নিয়ে অনেক কথা বলেছি। কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”
এরপর তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টার দায়িত্ব পালনের সময়ও একই উদ্যোগ নিয়ে সফল হননি বলে জানান তিনি।
সুদের হার বেশি হওয়ার পরও উদ্যোক্তাদের ব্যাংকমুখী হওয়ার কারণও ব্যাখ্যা করেন সাবেক অর্থ উপদেষ্টা।
“শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে নিজের হাতে গড়া প্রতিষ্ঠানের মালিকানা শেয়ার হোল্ডারদের কাছে চলে যাবে; তাদের কাছে জবাবদিহিতা করতে হবে। তা এড়াতেই তারা শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করে না।”
সরকার বা কেন্দ্রীয় ব্যাংক থেকে এ বিষয়ে একটি স্পষ্ট নীতিমালা করে দেয়ার পরামর্শ দেন মির্জ্জা আজিজ।
ব্যাংকার্স বৈঠকে গভর্নর আরো বলেন, মুদ্রানীতি নিয়ে তারা সঠিক পথেই এগুচ্ছেন।
রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত বছরের সর্বশেষ প্রান্তিকে দেশের অর্থনীতি বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে পড়লেও ব্যাংক খাত ও অর্থনীতির সার্বিক সূচকগুলো ইতিবাচক ধারায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
“ব্যাংকগুলোর স্প্রেড ও ঋণ-আমানত অনুপাত নির্ধারিত সীমার মধ্যেই আছে। তারল্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতি, রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক মুদ্রার বিনিময় হার, আমদানি-রপ্তানি, চলতি হিসাবে উদ্বৃত্ত ইত্যাদি ইতিবাচক ধারায় রয়েছে।”
