আরব আমিরাতের ভিসা বন্ধ হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, “ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত জানিয়েছেন, গত জানুয়ারিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য একহাজার ৭শ’ ১৬টি ভিসা দেয়া হয়েছে। চলতি মাসেও বাংলাদেশি শ্রমিকের জন্য প্রায় সমসংখ্যক ভিসা দেয়া হবে।”
দেশের অন্যতম বড় বিদেশি শ্রমবাজার দুবাই বাংলাদেশিদের জন্য ভিসা সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে খবর বের হয়।
২০২০ সালের ওয়ার্ল্ড এক্সপো আয়োজনের জন্য বাংলাদেশ রাশিয়ার পক্ষে ভোট দেয়ার কারণে দুবাই ভিসা অনুমোদন বন্ধের উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়।
তবে প্রতিযোগিতায় জয় পেয়ে দুবাই ২০২০ সালের ওই প্রদর্শীটি আয়োজনের অধিকার লাভ করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড এক্সপো আয়োজনে স্বাগতিক রাষ্ট্র নির্বাচনের দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে বাংলাদেশ দুবাইয়ের পক্ষে ভোট দিয়েছে। আমিরাতের সরকারও বিষয়টি অবগত।
গত দুই সপ্তাহে বিভিন্ন বিষয়ে ঢাকায় আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে তার একাধিকবার দেখা হয়েছে বলেও জানান তরুন এই মন্ত্রী।
বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আরব আমিরাতের একটি প্রতিনিধি দল শিগগির ঢাকা সফর করবেন বলেও জানান তিনি।
আরব আমিরাতে ১০ লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছে। দেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার সৌদি আরবের পরই আমিরাতের অবস্থান।
গত বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী শাইখা লুবনা বিনতে খালেদ আল কাসেমির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে।
বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ পরিকল্পনা সম্ভাভ্যতা যাচাই করতেই ঢাকায় এসেছিলেন লুবনা।
