আড়াই হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক
সামাজিক কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারী ব্যাংক ডাচ্-বাংলা।
শনিবার ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃত্তিপ্রাপ্ত দুই হাজার ৫১৮ শিক্ষার্থীর হাতে ব্যাংকের পক্ষ থেকে বৃত্তিপত্র তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
২০১৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তি দেয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিমাসে ২৫০০ টাকা এবং বার্ষিক ৬০০০ টাকা করে দেয়া হবে ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন ডি জং উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। এছাড়া প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বৃত্তি প্রকল্পকে দেশের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের কল্যাণে আর্থিক খাতের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন।
দেশের অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সমাজের কল্যাণে এ ধরনের কর্মসূচি হাতে নিবে বলে মুহিত আশা প্রকাশ করেন।
গার্বেন ডি জং বলেন, “সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গঠনে এই উদ্যোগ দেশের মানবসম্পদ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।”
সায়েম আহমেদ তার বক্তব্যে জানান, ডাচ্-বাংলা ব্যাংকের মোট বৃত্তির শতকরা ৯০ ভাগ দেয়া হয় দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে। এর শতকরা ৫০ ভাগই দেয়া হয় ছাত্রীদেরকে।
