২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ২৪ এর খবর এয়ারটেলে

লাখো গ্রাহককে দেশ-বিদেশের বড় বড় ঘটনাসহ নিয়মিত খবর জানাতে মোবাইল অপারেটর এয়ারটেল যুক্ত হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 03:39 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এয়ারটেল গ্রাহকরা এখন থেকে খুদে বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিউজ এলার্টসহ নিয়মিত সংবাদসেবা পাবেন।

এয়ারটেলের ‘ভ্যালু অ্যাডেড সার্ভিস’ বিভাগের প্রধান জিয়াউল হক শিকদার জানান, আসছে নতুন সপ্তাহে পূর্ণাঙ্গভাবে এই সেবা চালু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনামগুলো গত ২০ জানুয়ারি থেকেই পরীক্ষামূলকভাবে এসএমএস আকারে এয়ারটেলের গ্রাহকদের জন্য ছাড়া হয়েছে।

বাংলাদেশে নতুন প্রযুক্তিকে সংবাদ প্রচারের মাধ্যম হিসেবে চালুর পথিকৃৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৭ সালের ৫ অক্টোবর এসএমএস-এ সংবাদসেবা চালু করে।

এয়ারটেলের একজন মুখপাত্র বলেন, “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের প্রথম ইন্টারনেট নিউজপেপার। এই স্বনামধন্য ব্র্যান্ডকে আমরা আমাদের গ্রাহকদের জন্য উন্মুক্ত করেছি; যেন তারা তাদের পছন্দ মতো খবর পেতে পারেন।

“আমরা আশা করছি আমাদের গ্রাহকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতো শীর্ষ গণমাধ্যম থেকে সংবাদ জানতে উৎসাহী হবেন।”

তিনি বলেন,“ গ্রাহকদের সঠিক খবর সরবরাহ করাই এয়ারটেলের মূল উদ্দেশ্য, মুনাফা অর্জন নয়।”

এয়ারটেল থেকে তাৎক্ষণিক খবর জানতে B লিখে ২৩২৪ এ পাঠিয়ে দিলেই একজন গ্রাহক ‘ব্রেকিং নিউজ’ সেবার জন্য নিবন্ধিত হয়ে যান।

প্রতি মুহূর্তের সবচেয়ে বড় খবরটি এসএমএস আকারে পৌঁছে যায় নিবন্ধিত গ্রাহকের মোবাইল ফোনে।

আলাদা আলাদা ভাবে M, BN, MD, EN লিখে ২৩২৪  নম্বরে বিনামূল্যে নিবন্ধন করলে যথাক্রমে ‘ব্রেকফাস্ট নিউজ’, ‘বিজনেস নিউজ’, ‘মিডডে আপডেট’, ‘ইভিনিং নিউজ’ সার্ভিস পাওয়া যাবে।

এছাড়া দেশের দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান দুই নেতার খবরও পাওয়া যাবে ‘ফলো ইয়োর লিডার’ সেবায়।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার খবর জানতে SH এবং সাবেক বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার খবর জানতে KZ লিখে ২৩২৪ নম্বরে পাঠিয়ে নিবন্ধিত হওয়া যাবে; তাদের খবরাখবর এসএমএস-এ পাওয়া যাবে নিয়মিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান তানিম আহমেদ বলেন, “এয়ারটেলের সঙ্গে খুদে বার্তার সংবাদ সেবা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

“আমি বিশ্বাস করি, এই নতুন অংশিদারিত্ব আরো নতুন সম্ভাবনা নিয়ে হাজির হবে। এখন থেকে আমাদের এই সফল সংবাদ সেবা আমরা আরো বেশি মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারব।”

এয়ারটেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর জানতে প্রত্যেকটি এসএমএসের জন্য গ্রাহকের খরচ পড়বে ভ্যাটসহ ২ টাকা ৩০ পয়সা।