দেশের আকাশ ছাড়িয়ে নভোএয়ার
দেশের তৃতীয় বেসরকারি বিমান সংস্থা হিসেবে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে নভোএয়ার।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)নিয়ম অনুযায়ী কোনো বিমান সংস্থার আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে হলে অভ্যন্তরীণ রুটে অন্তত এক বছর ফ্লাইট চালানোর বাধ্যবাধকতা রয়েছে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মফিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২ জানুয়ারি আমরা আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি পেয়েছি।”
“আমরা প্রাথমিকভাবে চারটি রুটে ফ্লাইট চালানোর আবেদন করেছি। এছাড়াও আরো কয়েকটি রুটে আমাদের ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছেম তবে সেটি নির্ভর করছে বেবিচকের অনুমতির ওপর।”
তিনি বলেন, “আমরা গত একবছর ধরে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর প্রস্তুতি নিয়েছি। সে অনুসারে মার্কেট সার্ভেও করা হয়েছে।”
চট্টগ্রামকে আন্তর্জাতিক বিভিন্ন রুটের সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
“চট্টগ্রাম একটি বাণিজ্যিক কেন্দ্র। আমদের পরিকল্পনা আছে চট্টগ্রামের সঙ্গে ব্যাংকক ও ইয়াঙ্গুনকে সংযুক্ত করার পরিকল্পনা আছে। আমরা মনে করি দেশের অর্থনীতির জন্য এটি ভালো ফল নিয়ে আসবে।”
এছাড়া চীনের কয়েকটি শহরেও ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান নভোএয়ারের মফিজুল।
“সাধারনত গুয়াংজু আর কুনমিং শহরে ফ্লাইট চালুর বিষয়ে দেশীয় সংস্থাগুলো উত্সাহী। আমরা সাংহাইকে ঢাকার সঙ্গে সংযুক্ত চেষ্টা করছি।”
আন্তর্জাতিক ফ্লাইট চালাতে একটি এমবেরার ইএমবি-১৪৫ মডেলের উড়োজাহাজ আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।
“আপাতত একটি উড়োজাহাজ আনার চেষ্টা চালাচ্ছি। এরপর কোন রুটগুলোয় অনুমোদন পাওয়া যাবে, সেটি বিবেচনায় নিয়ে এ বিষয়ে বিস্তারিত ফ্লিট প্ল্যান (বহর পরিকল্পনা) করা হবে, বলেন নভোএয়ারের এই কর্মকর্তা।
প্রতিষ্ঠানটির বহরে বর্তমানে দুটি এমবেরার ইএমবি-১৪৫ মডেলের জেট ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজ রয়েছে।
