চাঙ্গাভাব নিয়ে সপ্তাহ শেষ করল ডিএসই
বিরোধী জোটের বর্জন ও সহিংসতার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের দুই পুঁজিবাজারে টানা তৃতীয় দিনের মতো সূচক বেড়েছে।
সপ্তাহ শেষে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক বেড়েছে ৯৪ পয়েন্ট। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১০০ কোটি টাকা বেড়ে ৪৫৭ কোটি টাকা হয়েছে।
এদিন হাতবদল হয়েছে প্রায় ৫১৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২২ কোটি টাকা কম। আর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪ হাজার ৪০৭ পয়েন্ট হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে ৩০ লাখ টাকা কমে ৫৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিনশেষে সিএসই সূচকও ৪৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬৩ পয়েন্ট হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৭টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫৬ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১১৩ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয় ৩৫৭ কোটি টাকা।
তার আগের দুই সপ্তাহে ৯৯ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে, দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪৭৭ ও ৫১২ কোটি টাকা ।
তার আগের ১১ সপ্তাহে ডিএসইতে সার্বিক সূচক বাড়ে ২০০ পয়েন্ট। এই সময়ে দৈনিক সর্বনিম্ন গড় লেনদেন ছিল ২০০ কোটি টাকা, সর্বোচ্চ গড় লেনদেন ছিল ৬৯৭ কোটি টাকা।
গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা ৪ দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।
