বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তার আওতা বাড়ল
বস্ত্র খাতের উভেন, নিট ও টেরি টাওয়েল রপ্তানিতে টেলিফোনিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও এখন থেকে ৫ শতাংশ হারে নগদ সহায়তা দেবে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের মনিটরিং সেল গত ২ জানুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে, যাতে এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
এতোদিন শুধু দেশীয় সুতায় তৈরি বস্ত্র রপ্তানিতে এলসির বিপরীতে নগদ সহায়তা দেয়া হতো। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে এ বাবদে ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দও রাখা হয়েছে।
এ বরাদ্দ থেকে তিন মাস অন্তর ৫৫৫ কোটি টাকা করে ছাড় করে অর্থ মন্ত্রণালয়।
এবার উভেন, নিট ও টেরি টাওয়েলের জন্য অগ্রিম টিটির বিপরীতে নগদ সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সহসভাপতি মো. হাতেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিটির বিপরীতে নগদ সহায়তা আমাদের অনেক দিনের দাবি। বর্তমান সংকটকালীন সময়ে সরকারের এ সিদ্ধান্ত বস্ত্রখাতের জন্য সহায়ক হবে।”
তিনি জানান, নিট খাতের মোট রপ্তানির এক-তৃতীয়াংশ লেনদেন টিটির মাধ্যমে হয়। ওভেন খাতেও এভাবে রপ্তানি হয়। এক কথায় প্রতিবছর টিটির মাধ্যমে ৫ থেকে ৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়।
