রবির নতুন সিইও সুপুন
মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন সুপুন বীরাসিংহা।
বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেছেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তিনি সদ্য বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনারের স্থলাভিষিক্ত হলেন।
মাইকেল পূর্ণকালীন কর্পোরেট জীবন থেকে অবসর গ্রহণের পর রবি আজিয়াটা লিমিটেডের বোর্ড অব ডিরেক্টরের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব নেয়ার পর সুপুন বলেন, “বাংলাদেশ সম্প্রতি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবা দেয়া শুরু হয়েছে। আমাদের সামনে এখন সম্ভাবনাময় এমন এক বৈচিত্রম্যয় বাজার যেখানে প্রতিযোগিতামূলক মূল্যে উন্নতমানের ওয়্যারলেস ডাটা সুবিধার মধ্য দিয়ে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধি করা সম্ভব।”
আজিয়াটা গ্রুপের আগে সুপুন শ্রীলঙ্কার শীর্ষ মোবাইল ফোন অপারেটর ডায়লগ আজিয়াটা পিএলসি’র গ্রুপ চিফ অপারেটিং অফিসার (জিসিওও) হিসাবে দায়িত্ব পালন করেন।
তিনি বেশ কয়েক বছর ডায়লগ মোবাইলের সিওও এবং পরে অপারেটরটির সিইও হিসাবে দায়িত্ব পালন করেন।
চার্টার্ড ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ), ইউকে’র ফেলো সদস্য এবং শ্রীলঙ্কার শ্রী জয়েওয়ারদেনেপুরা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টেন্সি ও ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন সুপুন।
এরপর অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
