অবরোধে ঠাকুরগাঁও সুগার মিল বন্ধ
অবরোধে আখ পরিবহন করতে না পারার কথা জানিয়ে ঠাকুরগাঁও সুগার মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলে আখ গ্রহণ কিংবা ওজন করা হবে না বলে মাইকিং করে জানিয়ে দেয়া হয়।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ মিল বন্ধের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, পর্যাপ্ত আখ সরবরাহ না থাকায় শনিবার সন্ধ্যা থেকেই মিল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আখ সরবরাহ স্বাভাবিক হলে আবার উৎপাদন শুরু হবে।
গত ১৩ ডিসেম্বর মিলে আখ মাড়াই কার্যক্রম শুরু হলেও অবরোধের কারণে ১৭ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত মিল বন্ধ থাকে।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলীয় জোট দফায় দফায় অবরোধ-হরতাল করে আসছে।
শনিবার থেকে পঞ্চম দফায় শুরু করেছে টানা চারদিনের অবরোধ।
