২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবায়ন ফি মওকুফ পাচ্ছে ভিএসপি অপারেটররা

ব্যবসায় সুবিধা করতে না পারায় বার্ষিক লাইসেন্স নবায়ন ফি মওকুফ পেতে যাচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্সধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 05:37 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থার প্রধান সুনীল কান্তি বোস বলেন, “বার্ষিক লাইসেন্স নবায়ন ফি এক লাখ টাকা মওকুফ করতে ইতোমধ্যে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, আশা করছি খুব শিগগির অনুমোদন পাব।”

অন্যদিকে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক বলেন, “লাইসেন্স নবায়ন ফি মওকুফ করা যায় কি-না এ বিষয়ে পর্যালোচনা চলছে।”

রোববার টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বিটিআরসি কার্যালয় পরিদর্শনের সময় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে রাশেদ খান মেনন বলেন, “অবৈধ ভিওআপি বন্ধে সংস্থাকে আরো কঠোর হবে, এ বিষয়ে মনোযোগী না হলে পুরো সেক্টর অস্থিতিশীল অবস্থায় চলে যাবে।”

অবৈধ ভিওআইপি রোধে নতুন প্রযুক্তি স্থাপন করা হচ্ছে বলেও জানান সুনীল কান্তি বোস।

গত ২৫ মার্চ দেশে ভিএসপি লাইসেন্স দেয়া শুরু করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

লাইসেন্সের জন্য এক হাজার চারটি প্রতিষ্ঠানকে মনোনীত করে মন্ত্রণালয়, পরে এর মধ্যে ৮৮১টি প্রতিষ্ঠান লাইসেন্স নেয়। লাইসেন্স নিলেও ব্যবসায় তেমন সুবিধা করতে পারেনি এই প্রতিষ্ঠানগুলো।

এদিকে টেলিকমখাতে সরকারি রাজস্ব আদায়ে আরো কঠোর হতে বিটিআরসিকে নির্দেশনা দিয়ে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, “এমন জায়গায় সুযোগ দেয়ার প্রয়োজন নেই। যারা বছরের পর বছর রাজস্ব দিচ্ছে না, সহানুভূতি থাকবে তবে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে হবে।”

সরকার রাজস্ব আদায়ে কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে সুনীল কান্তি বোস বলেন, “কিছু আইজিডব্লিউ বকেয়া পরিশোধ করছে, চারটি আইজিডব্লিউ প্রতিষ্ঠানের বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হবে।”

রাজস্ব আদায়ে বিটিআরসি কোনো ছাড় দেবে না বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।

অনুষ্ঠানে বিটিআরসির সার্বিক কর্মকাণ্ড মন্ত্রীকে অবহিত করে জনবল বাড়ানোসহ কয়েকটি বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

জবাবে মন্ত্রী বলেন, “এই সময়ে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।”

পুরনো খবর:

ব্যবসা না বুঝেই ভিএসপি লাইসেন্স