ব্যবসা না বুঝেই ভিএসপি লাইসেন্স
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) সম্পর্কে তেমন কোনো ধারনা না থাকলেও এ ব্যবসা করার জন্য ভিএসপি লাইসেন্স নিয়েছেন অনেকেই।
ব্যবসার ধরন কি হবে বা কিভাবে ব্যবসা পরিচালনা করতে হবে তা নিয়ে লাইসেন্সপ্রাপ্তদের মধ্যে বৈঠক করতেও দেখা গেছে। লাইসেন্সপ্রাপ্তদের নিয়ে একটি সমিতি গঠন করার কথাও ভাবছেন তারা।
লাইসেন্সপ্রাপ্তদের অনেকেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স নিয়েছি তবে ব্যবসা কিভাবে হবে তা জানি না, তবে উপায় একটা হবেই।”
সোমবার দুপুরে দেশে প্রথমবারের মতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বা ভিএসপি লাইসেন্স দেয়া শুরু করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের তথ্য অনুযায়ী লাইসেন্সের জন্য মনোনিত এক হাজার চারটি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪৪টি প্রতিষ্ঠান লাইসেন্স নিতে টাকা জমা দিয়েছে।
লাইসেন্সের জন্য টাকা জমা দেয়া প্রতিষ্ঠানগুলোকেই এ লাইসেন্স দেয়া হচ্ছে।
অ্যাবকাম টেলিকমের সত্ত্বাধিকারী ফারিহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমবিএ ডিগ্রি অর্জনের পর কিছু একটা করব তাই ভেবেই এ লাইসেন্স নেয়া। লাইসেন্স নিয়ে কিভাবে ব্যবসা করব তা জানি না, তবে শিখে ফেলব।
এলেন টেলকমের সত্ত্বাধিকারী মোকাদ্দেস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাইসেন্স নিয়েছি তবে ব্যবসা কিভাবে করব জানি না, অন্যান্য লাইসেন্সপ্রাপ্তদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, প্রায় সবারই একই অবস্থা।”
মাইসা টেলিকমের সত্ত্বাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যবসা না বুঝেই পাঁচ লাখ টাকা খরচ করে ভিএসপি লাইসেন্স নিয়েছি, কিছু একটা হবেই, আমি হতাশ না।”
“আপনারা এই ব্যবসা সম্পর্কে জানুন এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করুন, আপনাদের বিটিআরসি সব সময় সহযোগিতা করে যাবে।”
লাইসেন্সপ্রাপ্তদের জোট বেধে করে ব্যবসা করার পরামর্শ দিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, “আপনারা কাজ শুরু করেন, ৬ মাস পর আয় না করতে পারলে আপনারা বিটিআরসিকে দোষারোপ করবেন এটা ঠিক নয়, আয়ের জন্য আপনাদের নিজেদের উদ্যোগী হতে হবে।”
গত ১৬ জানুয়ারি ভিএসপি লাইসেন্সের জন্য এক হাজার ৪টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
গত ২২ জুলাই বিটিআরসির ওয়েবসাইটে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্স আবেদন চেয়ে নোটিস দেয়া হয়।
নীতিমালা অনুযায়ী, ভিওআইপি লাইসেন্সপ্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি নামে পরিচিত হবে। অবৈধ ভিওআইপি ঠেকাতে এ লাইসেন্স নীতিমালা প্রক্রিয়া শুরু হয় ২০১১ সালে।
বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন বৈধভাবে প্রায় চার কোটি মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিটের বেশী কল অবৈধভাবে টার্মিনেশন করা হয়, যাতে সরকারের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।
বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তজার্তিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে।
