২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিএসপি লাইসেন্স দিল বিটিআরসি

প্রথমবারের মতো ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) লাইসেন্স বা ভিএসপি লাইসেন্স দেয়া শুরু করলো নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ্ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 08:23 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

সোমবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সম্মেলন কক্ষে মনোনীতদের মধ্যে আনুষ্ঠানিকভাবে লাইসেন্স দেয়া শুরু হয়।

বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস কয়েকটি প্রতিষ্ঠানের কাছে লাইসেন্স দিয়ে এর উদ্ভোধন করেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান বলেন, “যারা লাইসেন্স নিজ্ছেন তারা এই ব্যবসা সম্পর্কে জানুন এবং সফলভাবে ব্যবসা পরিচলনা করুন। আপনাদের বিটিআরসি সব সময় সহযোগিতা করে যাবে।”

বিটিআরসি লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের তথ্য অনুযায়ী লাইসেন্সের জন্য মনোনীত এক হাজার চারটি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪৪টি প্রতিষ্ঠান লাইসেন্স নিতে টাকা জমা দিয়েছে।    

লাইসেন্স এর জন্য টাকা জমা দেয়া প্রতিষ্ঠানগুলোকেই এ লাইসেন্স দেয়া হচ্ছে। বিটিআরসি সোমবার থেকে লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করলো। আগামী কয়েকদিন ধরে এ প্রক্রিয়া চলবে বলে জানায় বিটিআরসি।

গত ১৬ জানুয়ারি ভিএসপি লাইসেন্সের জন্য এক হাজার ৪টি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গত ২২ জুলাই  বিটিআরসির ওয়েবসাইটে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্স আবেদন চেয়ে নোটিস দেয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ভিওআইপি লাইসেন্সপ্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি নামে পরিচিত হবে। অবৈধ ভিওআইপি ঠেকাতে এ লাইসেন্স নীতিমালা প্রক্রিয়া শুরু হয় ২০১১ সালে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন বৈধভাবে প্রায় চার কোটি  মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিটের বেশী কল অবৈধভাবে আসে, যাতে সরকার প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।

বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তজার্তিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে।