বিডিবিএলের বকেয়া পরিশোধ করেছে বেক্সিমকো
রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বিডিবিএলের দীর্ঘ দিনের পাওনা পরিশোধ করেছে বেক্সিমকো গ্রুপ।
রোববার বিডিবিএল পাওনা আদায়ে বেক্সিমকোর বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যার সূত্র ধরে খবর প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সোমবার এক পে-অর্ডারের মাধ্যমে বিডিবিএলের সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
বেক্সিকোর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) আজ (সোমবার) পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) দাবীকৃত অর্থ পরিশোধ করেছে। ”
বেক্সিমকো বিশেষায়িত এই ব্যাংককে পাওনা পরিশোধ বাবদ ৪ কোটি ৬১ লাখ টাকা পে-অর্ডার দিয়েছে। যদিও বিডিবিএল এবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা পাওনা বকেয়ার কথা জানিয়েছিল।
ডিএসইর ওয়েবসাইটে মামলার তথ্য জানার পর সালমান এফ রহমান জানিয়েছিলেন, কোনো ভুল বোঝাবুঝি থেকে এটা হয়ে থাকতে পারে, যা পরদিন তিনি পরিশোধ করে দেবেন।
এবিষয়ে জানতে চাইলে বিডিবিএলের মহাব্যবস্থাপক নাজমুল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেক্সিমকো গ্রুপ সোমবার একটি পে-অর্ডারের মাধ্যমে ৪ কোটি ৬১ লাখ টাকা দিয়েছে। এতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল দায়-দেনা পরিশোধ হয়েছে।”
এখন বিডিবিএল বেক্সিমকোর বিরুদ্ধে আর কোন আইনগত পদক্ষেপে যাবে না বলেও জানান তিনি।
