এয়ারটেলের লক্ষ্য তরুণ গ্রাহক
তরুণ গ্রাহকদের টানার লক্ষ্য নিয়ে থ্রিজি সেবার মূল্য কাঠামো ঘোষণা করেছে ৮০ লাখ গ্রাহকের মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।
এয়ারটেল থেকে এয়ারটেলে ভিডিও কল করতে প্রতি মিনিটে খরচ হবে এক টাকা, যেখানে তাদের প্রতি মিনিটের কল রেট প্যাকেজভেদে ২৯ পয়সা থেকে ৭৭ পয়সা।
আর এয়াটেল থ্রিজিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ১৫ টাকায় ১৫ মেগাবাইট পাবেন গ্রাহকরা।
বৃহস্পতিবার এয়ারটেলের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানির সিইও ও ব্যাবস্থাপনা পরিচালক ক্রিস টবিট বলেন, “গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তিতে সাশ্রয়ী সেবা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
এয়ারটেলের শীর্ষ কর্মকর্তারাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
এয়ারটেলের প্রধান কারিগরি কর্মকর্তা সন্দ্বীপ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার থেকেই ঢাকার নিকুঞ্জ১ ও ২, বারিধারা ডিওএইচএস, গুলশান-১ ও ২, বনানী ডিওএইচএস, মহাখালী ডিওএইচএস, বিজয় সরণী, ফার্মগেইট, তেজগাঁও, লালমাটিয়া, কলাবাগান, পান্থপথ এবং হাতিরপূলে থ্রিজি সেবা পাবেন গ্রাহকরা।
আর চট্টগ্রামে এই সেবা চালু হয়েছে আগ্রাবাদ, জিইসি, দামপারা, টাইগারপাস, রিয়াজউদ্দিন বাজার, সিইপিজেড, নেভাল একাডেমি, দক্ষিণ হালি শহর এবং এয়ারপোর্ট এলাকায়।
আসছে ডিসেম্বরের মধ্যে ঢাকা, গাজীপুর এবং আগামী মার্চের মধ্যে সব বিভাগীয় শহরে এয়ারটেল থ্রিজি পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন সন্দ্বীপ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এয়ারটেল গ্রাহকরা সর্বনিম্ন ১ জিবি ড্যাটা প্যাকে পাবেন ১০০% বোনাস। চলতি মাসে যারা ৩৫০ টাকায় ৩০ দিন মেয়াদী এই প্যাকেজ নেবেন, তারা বোনাস হিসাবে পাবেন আরো ১ জিবি ব্যবহারের সুযোগ। আগামী ১২ মাস তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।
