২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬০ কোটি টাকার জার্মান বিনিয়োগ

জার্মান বিনিয়োগ ও উন্নয়ন সংস্থা (ডিইজি) বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস্ লিমিটেডের (বিবিএমএল) ব্যবসা সম্প্রসারণে ১৬০ কোটি টাকা(২০ মিলিয়ন ডলার)বিনিয়োগ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 11:21 PM

Updated : 25 Apr 2022, 07:28 PM

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।

বিবিএমএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিবিএমএল বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী ও রপ্তারিকারক এবং প্লাস্টিক গৃহস্থালী সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আলব্রেক্ট কোনজি, প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী এবং ডিইজি বোর্ডের সদস্য নরবার্ট ক্লোপেনবার্গ উপস্থিত ছিলেন।

এ বিনিয়োগের ফলে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ফ্যাক্টরিতে প্রায় দু’হাজার সরাসরি এবং আরো ৭০০ পরোক্ষ কর্মসংস্থান হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

পিভিসি পাইপ, ডোর প্যানেল এবং কিচেন সামগ্রী উৎপাদনে বিবিএমএল-কে দীর্ঘ মেয়াদে এই ঋণ দিয়েছে ডিইজি।

বিবিএমএল ২০০৮ সালে কিচেন সামগ্রী উৎপাদনের মাধ্যমে কার্যক্রম শুরু করে। পরে তারা পিভিসি ডোর-লিফস্ এবং গৃহস্থালী পাইপ উৎপাদন শুরু করে।