২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এক বছর সময় পেল ‘আইসিবি ব্যাংক’

ওরিয়েন্টাল ব্যাংকের (পুনর্গঠিত আইসিবি ইসলামী ব্যাংক) গ্রাহকদের পাওনা পরিশোধে কর্তৃপক্ষকে আরো এক বছর সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2013, 12:56 AM

Updated : 23 Aug 2022, 07:13 PM

রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে আগের বেঁধে দেয়া পাঁচ বছর ছয় মাসের সয়মসীমা আরো এক বছরের জন্য বাড়ানো হয়।

এর আগে গত ৩০ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষকে প্রথম দফায় পুনর্গঠন স্কিমের বাইরে ছয় মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এই বর্ধিত সময়ের মধ্যেও আমানতকারীদের অর্থ পরিশোধ করতে পারেনি পুনর্গঠিত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড।

ঋণসহ বিভিন্ন পর্যায়ে অনিয়মের ফলে সঙ্কটে পড়া ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডকে ২০০৭ সালে পুনর্গঠন করে আইসিবি ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ওই সময় ব্যাংকের মালিকানায়ও পরিবর্তন আসে। ওরিয়ন গ্রুপের পরিবর্তে মালয়শিয়া ভিত্তিক একটি গ্রুপ এর মালিকানায় আসে। পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন হাদেনান বিন আব্দুল জলিল।

মালিকানা পরিবর্তনের শর্তে অনুযায়ী পাঁচ বছরের মধ্যে আমানতকারীদের সব পাওনা পরিশোধ করতে হবে।

২০০৮ সালের ৫ মে থেকে কার্যকর হওয়া ওই সময়সীমা চলতি বছরের ৪ মে শেষ হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হয়ে ওই সময় ব্যাংক কর্তৃপক্ষ নতুন করে আরো পাঁচ বছর সময় চেয়ে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ছয় মাস সময় বাড়িয়ে চলতি বছরের তিন নভেম্বরের মধ্যে গ্রাহকদের অর্থ পরিশোধ করতে বলে।

রোববার ব্যাংকটিকে নতুন করে আরো এক বছর সময় দেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পুনর্গঠন স্কিমটি পাঁচ বছর ছয় মাসের পরিবর্তে ছয় বছর ছয় মাসে কার‌্যকর হবে। এছাড়া আগে দেওয়া অন্যসব নির্দেশনা বহাল থাকবে।