ডিএসই সভার বাধা কাটছে
রিট আবেদনকারী তা প্রত্যাহার করে নেয়ায় ডিএসইর বার্ষিক সাধারণ সভার বাধা কাটতে যাচ্ছে, যে সভায় বহুল আলোচিত ডিমিউচুয়ালাইজেশন অনুমোদনের কথা।
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সেপ্টেম্বরের শেষে ডিমিউচুয়ালাইজেশনের স্কিমে চূড়ান্ত অনুমোদন দেয়।
নিয়ম অনুযায়ী, স্কিম অনুমোদন হওয়ায় ৩০ দিন, অর্থাৎ ২৯ অক্টোবরের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জের বিশেষ সাধারণ সভা করার কথা।
আর তার সাত দিনের মধ্যে অনুমোদিত স্কিম রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিতে (আরজেএসসি) জমা দিতে হবে।
কিন্তু সোমবার ডিএসইর সদস্য আহমেদ ইকবাল হাসান রিট আবেদন করলে মঙ্গলবার হাই কোর্টের একটি বেঞ্চ ইজিএমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে নির্ধারিত সময়ে ইজিএম হতে পারেনি।
তবে ইকবাল হাসান তার আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন বলে বুধবার জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম টিটো ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের লইয়ার আমাদের জানিয়েছেন, ইকবাল হাসান রিট প্রত্যাহার করে নেয়ার আবেদন করেছেন।
“আমাদের এখন আর বাধা থাকল না, খুব দ্রুত আমরা ডিমিউচুয়ালাইজেশনের জন্য প্রয়োজনীয় কাজগুলো ইজিএম করে শেষ করে ফেলব।”
পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে সরকার স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয়। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’ পাস হয়।
এতে বলা হয়, আইনটি কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সচেঞ্জ-এর সিকিউরিটিজ লেনদেনের অধিকার (ট্রেডিং রাইট) এর মালিকানা ও ব্যবস্থাপনা হতে পৃথকীকরণের মাধ্যমে ডিমিউচ্যুয়ালাইজ করতে হবে।
ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।
এ আইনের বিধান লংঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।
ডিমিউচ্যুয়ালাইজেশনের পর লেনদেনের অধিকার থেকে স্টক এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা হয়ে যাবে। এক্সচেঞ্জের পরিচালনা পরিষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন এবং এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান নির্বাচন করবে।
