২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ারের দাম বাড়ার কারণ খুঁজতে ডিএসইকে নির্দেশ

দেশের পুঁজিবাজারে গত দুই সপ্তাহ ধরে বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খুঁজতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

গত ১৫ দিনে স্বল্প মূলধনী এসব কোম্পানির শেয়ারের দাম হঠাৎ করে ৫০ থেকে ১৫০ টাকা বাড়ার কারণে এ নির্দেশ দেয়া হয়েছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় ডিএসইকে তদন্তের নির্দেশ দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন সংস্থার নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান।

গত ১৫ দিনে জেএমআই সিরিঞ্জ, হাক্কানি পাল্পস, লিগেসি ফুটওয়ার, দেশ গার্মেন্টস, বিডি অটোকার, রহিমা ফুড, ইনফরমেশন সার্ভিস, মোন্না স্টাফলার, মডার্ন ডাইং, আনোয়ার গেল্ভানাইজিং, ইনটেক অনলাইন ও আলহাজ টেক্সটাইলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, “এসমস্ত শেয়ারের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধান করে আগামী ১৫ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্ত রিপোর্ট দাখিল করতে বলার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।”