নিউজিল্যান্ডের গুঁড়োদুধ খালাস না করার দাবি
চট্টগ্রাম বন্দরে আটকে থাকা নিউজিল্যান্ডের গুঁড়ো দুধ খালাস না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব।
ফন্টেরা কোম্পানির ওই গুঁড়োদুধ নিয়ে দেশবাসীর মধ্যে আতঙ্ক কাজ করছে দাবি করে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ক্যাব সভাপতি কাজী ফারুক।
ওই গুঁড়োদুধ বাংলাদেশের আন্তর্জাতিক মানের পরীক্ষাগার আইসিডিডিআর,বি ও বিএসএমএসইউ-এর পরীক্ষাগারে পরীক্ষার দাবিও জানান তিনি।
ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর চীনসহ বেশ কয়েকটি দেশ ফন্টেরার গুঁড়োদুধ আমদানি বন্ধ করে দিলে বাংলাদেশেও ওই কোম্পানির দুধ নিয়ে প্রশ্ন ওঠে।
এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়োদুধ পরীক্ষার ঘোষণা দেয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডকে চট্টগ্রাম বন্দরে আসা সব গুঁড়োদুধ পরীক্ষা করতে বলে বাণিজ্য মন্ত্রণালয়।
এর পরিপ্রেক্ষিতে গত মাসের শেষ দিকে ৩০ চালানে নিউজিল্যান্ড থেকে আসা ৬০০ টন গুঁড়োদুধ আটকে যায়।
সংবাদ সম্মেলনে ভোক্তা সংগঠন ক্যাবের সভাপতি কাজী ফারুক বলেন, “প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এই দুধ যেন খালাস না করা হয়।”
সংবাদ সম্মেলনে বলা হয়, ফন্টেরা কোম্পানির গুঁড়োদুধে যে ক্লসট্রিডিয়াম বটুলিনাম ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে, তা মানবদেহে প্রবেশের ৩৬ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।
ওই ব্যাকটেরিয়ার সংক্রমণে পঙ্গুত্ব, শ্বাসকষ্ট, ঝাপসা দেখা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে বলে জানানো হয়।
রিপোর্টার্স ইউনিটিতে ওই সংবাদ সম্মেলনে ধারণাপত্র উপস্থাপন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. বেলাল হোসেন।
এতে বলা হয়, দেশের বাজারে গুঁড়োদুধের চাহিদার ৮০ শতাংশই পূরণ করে নিউজিল্যান্ডের ফন্টেরা কোম্পানি। গত এক বছরে নেসলে, নিউজিল্যান্ড ডেইরি, আবুল খায়ের গ্রুপ, সানোয়ারা ও প্রাণ ডেইরি ফন্টেরার কাছ থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন দুধ আমদানি করে।
