২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের গুঁড়োদুধ পরীক্ষা হচ্ছে

নিউজিল্যান্ড থেকে আমদানি করা ফন্টেরা ব্র্যান্ডের ৬০০ টন গুঁড়ো দুধ পরীক্ষার জন্য চট্টগ্রাম বন্দরে আটকে দিয়েছে কাস্টমস কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 07:57 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

পরীক্ষার পর এই গুঁড়োদুধে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেলে ওই কোম্পানির দুধ আমদানি নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

চট্টগ্রাম কাস্টমস হাউজের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০টি চালানে ফন্টেরার প্রায় ৬০০ মেট্রিক টন গুঁড়োদুধ বন্দরে আছে। আপাতত তা ছাড়া হচ্ছে না।

“বিএসটিআই (বাংলাদেশ মান ও পরীক্ষণ ইনস্টিটিউট) ও বিসিএসআইআরের (বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদ) পরীক্ষাগারে নমুনা পাঠানো হয়েছে। তাদের প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেয়া হবে।”

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় নিউজিল্যান্ড থেকে আমদানি গুঁড়োদুধ পরীক্ষার করার ঘোষণা দেয়ার পর জাতীয় রাজস্ব বোর্ডকে বন্দরে আসা সব গুঁড়ো দুধ পরীক্ষা করতে বলে বাণিজ্য মন্ত্রণালয়।

এর পরই ফন্টেরা কোপারেটিভ গ্রুপ লিমিটেডের তৈরি ওই গুঁড়োদুধ আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস হাউজ।

এবিষয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “আমরা এনবিআরকে একটি চিঠি দিয়েছি, যাতে নিউজিল্যান্ড থেকে আসা ফন্টেরার দুধ ছাড় করার আগে পরীক্ষার ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।

কোনো কোম্পানির আমদানি করা গুঁড়োদুধে ক্ষতিকর উপাদান পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের দুধ আমদানি বন্ধ করা হবে, বলেন তিনি।

চট্টগ্রামের শুল্ক কর্মকর্তা জানান, গত এক বছরে ফন্টেরার তৈরি কী পরিমাণ গুঁড়োদুধ বাংলাদেশে এসেছে, চিঠিতে তাও জানতে চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

গত এক বছরে আবুল খায়ের গ্রুপ, নেসলে, নিউজিল্যান্ড ডেইরি, সানোয়ারা ও প্রাণ ডেইরি নিউজিল্যান্ডের ফন্টেরার কাছ থেকে প্রায় ২০ হাজার মেট্রিক টন দুধ দেশে আমদানি করেছে বলে তিনি জানান।

চলতি মাসের শুরুর দিকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ায় ফন্টেরার গুঁড়োদুধ ও শিশুখাদ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

পরে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রার নাইট্রেট পাওয়ায় নিউজিল্যান্ডের আরেক কোম্পানি ওয়েস্টল্যান্ড মিল্ক প্রোডাক্টসের গুঁড়োদুধ ও দুগ্ধজাত পণ্য আমদানিও বন্ধ করে দেশটি।

এছাড়া শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশও ওই কোম্পানির দুধ আমদানি বন্ধ করে।

এর পরই স্বাস্থ্য মন্ত্রণালয় নিউজিল্যান্ড থেকে আসা গুঁড়োদুধ পরীক্ষা করে দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়।

বিশ্বে ডেইরি পণ্যের সবচেয়ে বড় যোগানদাতা দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মোট রপ্তানিতে দুগ্ধজাত পণ্যের অবদান এক-চর্তুথাংশ।

বাংলাদেশ প্রধানত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক থেকে দুগ্ধজাত পণ্য আমদানি করে থাকে।

২০০৮ সালে পরীক্ষার পর দেশে আসা বিদেশি আটটি ব্র্যান্ডের দুগ্ধজাত পণ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেলামিনের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্যে নিউজিল্যান্ডের দুটি ব্র্যান্ড ছিল।