শিপিং বিল দিয়েই রপ্তানির সুযোগ
ঋণপত্র (এলসি) ছাড়া শিপিং বিল দাখিল করেই এখন থেকে রপ্তানি করা যাবে।
রপ্তানি নীতি ২০১২-১৫ এর ২.৫.১ উপধারা সংশোধনের ফলে রপ্তানিকারকরা এ সুবিধা পাচ্ছেন।
ধারাটি সংশোধন করে বলা হয়েছে, “ইএক্সপি ফরম ও শিপিং বিল দাখিল সাপেক্ষে এলসি ছাড়া বায়িং কন্ট্রাক্ট, চুক্তি, পারেচজ অর্ডার কিংবা অ্যাডভ্যান্স পেমেন্টের ভিত্তিতে রপ্তানি করা যাবে। অগ্রিম নগদায়নের ভিত্তিতে কনসাইনমেন্ট ভিত্তিতে সব প্রকার পণ্য রপ্তানির অনুমোদন দেয়া হবে।”
সম্প্রতি আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় এই ধারাটি সংশোধন করেছে।
এর আগের ২০০৯-১২ সময়ের রপ্তানি নীতিতেও এ ধারাটি ছিল। চলতি রপ্তানি নীতিতে ধারাটি রাখা হয়নি। কিন্তু বৈদেশিক মুদ্রানীতিতে এ ব্যবস্থা রয়েছে।
এলসি ছাড়া রপ্তানির বিষয়ে বাংলাদেশ ব্যাংক রপ্তানিকারকদের অনুমোদন দিলেও রপ্তানি নীতিতে বিষয়টি না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ তা দিত না।
ফলে রপ্তানিকারকরা জটিলতায় পড়তেন। এ সমস্যা সমাধানে রপ্তানিকারকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন।
এই সংশোধন অনুযায়ী ব্যাংকগুলো যেন রপ্তানিকারকদের সহায়তা করে সেজন্য বাংলাদেশ ব্যাংক বুধবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।
