২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর সূচক বাড়লেও লেনদেন কমেছে

ঈদের ছুটির পর প্রথম লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক প্রায় ২৫ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯১৬ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৮১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা ছুটির আগের শেষ কার্যদিবসের চেয়ে প্রায় ৫৩ কোটি টাকা কম। শেষ লেনদেন হয়েছিল অগাস্টের ৫ তারিখ ।

সোমবার ডিএসইতে ১৬৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।

ছুটির আগের সপ্তাহে দুই দিনে ডিএসইর সূচক কমেছিল ২০ পয়েন্ট; গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে ওই সপ্তাহে।

তার আগের সপ্তাহে ডিএসইর সূচক কমে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হয়। সোমবার থেকে আবার আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।