২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মুদ্রানীতি বিনিয়োগ কমাবে: ডিসিসিআই

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের সীমা কমিয়ে আনায় বিনিয়োগ ব্যাপকভাবে কমবে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 08:37 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য ঘোষিত মুদ্রানীতির প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মুদ্রানীতির উল্লেখযোগ্য দিক হলো- বেসরকারি খাতে ঋণবৃদ্ধির সীমা বিগত ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের ১৮ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ১৬ দশমিক ৫ শতাংশ করা হয়েছে।এর ফলে বেসরকারিখাতে বিনিয়োগ ব্যাপকভাবে কমে যাবে।

এতে বলা হয়, উৎপাদন বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন বেশি হারে বিনিয়োগ ও অর্থায়ন। এক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের প্রবাহ আরও বাড়ানো প্রয়োজন।

এছাড়া সুদের হার না কমালে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বাড়বে না, যার ফলে ব্যাংকগুলোতে অর্থ অলস পড়ে থাকবে বলে ডিসিসিআই মনে করে।

তবে, বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক থেকে সরকারের গৃহীতব্য ঋণের সীমা ২৬ হাজার কোটি টাকার মধ্যে রাখার বিষয়টিকে মুদ্রানীতির একটি ইতিবাচক দিক হিসেবে দেখছে সংগঠনটি।

বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যংকের গভর্নর আতিউর রহমান।