দ্রব্যমূল্য কমিটি থেকে অব্যাহতি চাইলেন ‘অসহায়’ হেলাল
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য কিছু ব্যক্তি, সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থার চাঁদাবাজিকে দায়ী করে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য তদারক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “বাণিজ্য মন্ত্রণালয় গঠিত দ্রব্যমূল্য মনিটরিং কমিটির সদস্য পদ ও এফবিসিসিআই দ্রব্যমূল্য মনিটরিং কমিটির কনভেনরের দায়িত্ব হতে আমি অব্যাহতি চাচ্ছি ।”
হেলাল উদ্দিন বলছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের চেষ্টা এবং সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের পরও বাস্তব পর্যায়ে এর সুবিধা সাধারণ ভোক্তাদের কাছে পৌঁছায়নি।
এর কারণ হিসেবে “সড়ক-মহাসড়কগুলোতে ব্যক্তি, সংগঠন কিংবা আইন প্রয়োগকারী সংস্থার অতি উৎসাহী কিছু অসাধু সদস্যদের চাঁদাবাজি ও হয়রানি”র কথা উল্লিখ করেছেন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি।
হেলাল অভিযোগ করেছেন, এবার রমজানে ভোগ্যপণ্য/কাঁচা শাক-সবজি পরিবহনে চাঁদাবাজি/হয়রানি বন্ধের বিষয়টি হাইওয়ে পুলিশ যাতে অগ্রাধিকারভিত্তিতে দেখে, সে বিষয়ে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশের আইজিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু তাতে চাঁদাবাজি কমেনি ।
এ ব্যাপারে দুটি দৈনিক পত্রিকায় প্রকাশিত পুলিশের চাঁদাবাজি সংক্রান্ত প্রতিবেদনের কথাও উল্লেখ করেছেন তিনি ।
এসব প্রতিবেদনে বলা হয়, যে সবজি ঢাকা বা চট্টগ্রামের বাজারে ৫০ টাকায কেজি দরে বিক্রি হয়, তা কৃষক বিক্রি করেন চার থেকে পাঁচ টাকায়। পথে পথে চাঁদাবাজির কারণে ক্ষেত থেকে বাজারে পৌঁছাতে সবজির দাম বেড়ে যাচ্ছে ১০ থেকে ২০ গুণ।
