২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটির সুপারিশ উদ্দেশ্যপ্রণোদিত: জমির টেলিকম

‘বকেয়া’ আদায়ে মামলা করতে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশকে ‘অসৎ উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছে জমির টেলিকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 11:13 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সংসদীয় কমিটিকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পাঠানো এক প্রতিবাদলিপিতে এই দাবি করে প্রতিষ্ঠানটি।

জমির টেলিকমের মালিক নওফেল জমির সাবেক স্পিকার এবং বর্তমানে বিএনপির সংসদ সদস্য মুহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে।

প্রতিষ্ঠানটির কাছে বিটিসিএলের ২৪০ কোটি টাকা পাওনার কথা টেলিযোগাযোগ মন্ত্রণালয় রোববার সংসদীয় কমিটির সভায় জানালে বকেয়া আদায়ে তাদের মামলার পরামর্শ দেয়া হয়, যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।

সংসদীয় কমিটির সভাপতি মো. আব্দুস ছাত্তার সাংবাদিকদের বলেন, “একজন সাবেক স্পিকারের প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকা বাঞ্ছনীয় নয়। দীর্ঘদিন ধরে এই বকেয়া রয়েছে।”

জমির টেলিকম বলেছে, “সংসদীয় কমিটি সম্পূর্ণ অবিবেচনাপ্রসূতভাবে জমির টেলিকমের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছে। জমির টেলিকমের নিকট ২৪০ কোটি টাকা পাওনা সংক্রান্ত তথ্য অবাস্তব ও অসত্য।”

“বিচারাধীন বিষয়ে সংসদীয় কমিটির অন্যত্র মামলা করার পরামর্শ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত।”

জমির টেলিকমের ‘সুনাম’ নষ্ট করার উদ্দেশ্যে তা করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

পুরনো খবর:

জমিরউদ্দিনের ছেলের বিরুদ্ধে মামলার পরামর্শ