জমিরউদ্দিনের ছেলের বিরুদ্ধে মামলার পরামর্শ
সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকারের ছেলে নওফেল জমিরের কাছ থেকে পাওনা আদায়ে আদালতে যেতে বিটিসিএলকে পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
নওফেল মালিকানাধীন জমির টেলিকমের কাছ থেকে ২৪০ কোটি টাকা পাওনার কথা টেলিযোগাযোগ মন্ত্রণালয় রোববার সংসদীয় কমিটির সভায় জানালে তাদের এই পরামর্শ দেয়া হয়।
সংসদীয় কমিটির সভাপতি মো. আব্দুস ছাত্তার সাংবাদিকদের বলেন, “একজন সাবেক স্পিকারের প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকা বাঞ্ছনীয় নয়। দীর্ঘদিন ধরে এই বকেয়া রয়েছে।”
গত কয়েকবছর ধরে ৫৭টি ক্যারিয়ার প্রতিষ্ঠানের কাছে ১১শ কোটি টাকা বকেয়া রয়েছে বিটিসিএলের। বকেয়া আদায় করতে গিয়ে বেশ কিছু মামলার মুখেও পড়েছে বিটিসিএল।
বকেয়া প্রতিষ্ঠানের তালিকায় আরো রয়েছে- সিঙ্গাপুরভিত্তিক ডিজিটেক, এনটিএস গ্লোবাল, আরএম টেলিকম, যুক্তরাজ্যভিত্তিক সিম্পল টেলিকম, খান টেলিকম, মনি এন্টারপ্রাইজ, জেনোসিস ইত্যাদি।
সংসদীয় কমিটির সভাপতি জানান, ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন (ডিওটি) তৈরি করতে খুব শিগগিরই মন্ত্রিসভায় বিল উঠবে।
সংসদের আগামী অধিবেশনে এই বিল পাস হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে আইজিডব্লিউ ও আইসিএক্স অপারেটরদের কাছে বকেয়া পাওনা, মোবাইল অপারেটর সিটিসেল এর টুজি লাইসেন্সের নবায়ন ফি, লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, বিটিসিএলের কাছ থেকে রেভিনিউ শেয়ারিং এবং বিলম্ব ফি, টেলিটকের কাছ থেকে বকেয়া অর্থ, বাংলালায়ন ও কিউবির কাছ থেকে রেভিনিউ শেয়ারিং এবং স্পেকট্রাম ফিসহ সব অপারেটরের কাছ থেকে বকেয়া পাওনা দ্রুত আদায়ের সুপারিশ করা হয়।
বর্তমান সরকারের মেয়াদে সারাদেশে বিশেষ করে সব বিভাগীয় শহরে থ্রি জি সেবা চালু করার সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুনসহ কমিটির সদস্য আ স ম ফিরোজ, আব্দুল কুদ্দুস, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), নজরুল ইসলাম বাবু ও খালিদ মাহমুদ চৌধুরী অংশ নেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে ছিলেন।
