‘ঝাঁঝ’ কমেছে কাঁচা বাজারে
রোজার শুরুতে চট্টগ্রামে কাঁচা বাজারে প্রায় সব তরিতরকারি দাম চড়া থাকলেও গত কয়েকদিনে দাম কমেছে প্রতিটিতে ১০ থেকে ২০ টাকারও বেশি।
ফাইল ছবি
রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায় রোজা শুরুর আগের দিন প্রতি কেজি ১০০ টাকা দরে বেগুন বিক্রি হলেও শুক্রবার তা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে।
২০০ টাকার মরিচ বিক্রি হয়েছে ৮৫ থেকে ১০০ টাকা দরে, ১৪০ টাকার টমেটো ৮০ টাকা দরে এবং ৪০ টাকার শসা বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা দরে।
এছাড়া রোজা শুরুর আগের দিন ৪০ টাকায় বিক্রি হওয়া কাকরল ১৫ থেকে ২০ টাকায়, ৫০ টাকার বরবটি ২৫ থেকে ৩০ টাকায়, ২৫ টাকার পটল ১২ থেকে ১৬ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ঝিঙে বিক্রি হয়েছে ২৫ টাকা, করলা ২৫ টাকা ও ঢ্যাঁড়স ২০ টাকা দরে, যা রোজা শুরুর আগের দিন বিক্রি হয়েছিল আরো ১০ থেকে ১৫ টাকা বেশি দরে।
সকালে রেয়াজউদ্দিন বাজারের ক্রেতা মাহমুদুর রহমান নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্যবসায়ীদের কারসাজিতে রোজা শুরুর আগে তরকারির দাম বেশি ছিল।”
তিনি আরো বলেন, টানা চারদিন হরতাল থাকার পরও শুক্রবার রোজা শুরুর আগের দিনের চেয়ে দাম কমে পণ্য পাওয়া যাচ্ছে।
অবশ্য রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী নূরুল ইসলাম দাবি করলেন, “রোজা শুরুর আগের দিন চাহিদার তুলনায় তরকারির সরবরাহ কম ছিল।”
তিনি বলেন, বর্তমানে সরবরাহ বেশি কিন্তু চাহিদা কমে গেছে তাই তরকারির দাম কমে গেছে।
অন্যদিকে রেয়াজউদ্দিন বাজার থেকে এক কিলোমিটারের ব্যবধানে কাজীর দেউড়ি বাজারে তরকারির দাম কমলেও রেয়াজউদ্দিন বাজারের চেয়ে কেজিতে ৫ থেকে ১৫ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে।
রেয়াজউদ্দিন বাজারে ৬০ টাকার বেগুন এ বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এছাড়া শসা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে যথাক্রমে ১২০ টাকা ও ৪৫ টাকা। আর রেয়াজউদ্দিন বাজারে ১৪ টাকার দেশি আলু এ বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা দরে।
এছাড়া, কাকরল ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, যা রেয়াজউদ্দিন বাজার থেকে ১০ থেকে ২০ টাকা বেশি দরে।
কাজীর দেউড়ি কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাকও তা স্বীকার করলেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডপকমকে বলেন. “কাজীর দেউড়ি বাজারে সকল তরকারি রেয়াজউদ্দিন বাজার, পাহাড়তলী বাজার থেকে কিনে এনে বিক্রি করতে হয়।”
এ বাজারে বাছাই করা তরকারি বিক্রি হয় বলেও দাবি করেন তিনি।
রাজ্জাক বলেন, “কাজীর দেউড়ি বাজারে কোন ধরনের স্টোরেজ ব্যবস্থা নায়। যার কারণে প্রতিদিন পাইকারি বাজার থেকে তরকারি কিনে এনে আমাদের বিক্রি করতে হয় এজন্য এ বাজারে দাম একটু বেশি।”
