২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চড়াদাম কাঁচাবাজারে

রোজা শুরুর একদিন আগেই কাঁচা বাজারে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে পাঁচ থেকে ৫০ টাকা।

উত্তম সেন গুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 04:47 PM

Updated : 25 Apr 2022, 06:58 PM

খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকলেও আড়ৎদারদের কারসাজিতে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। আর ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখেই এই অবস্থা সৃষ্টি করা হয়েছে।

বুধবার বিকালে চট্টগ্রামের বেশ কয়েকটি বাজার ঘুরে দাম বৃদ্ধির সত্যতা পাওয়া গেছে।

সপ্তাহের প্রথমদিন গত শনিবার নগরীর বিভিন্ন বাজারে ৩৫ থেকে ৪০ টাকা দরে বেগুন বিক্রি হলেও বুধবার তা বিক্রি হয় ৮০ থেকে ১২০ টাকায়। তাও আবার বাজার ভেদে ভিন্ন।

নগরীর রিয়াজউদ্দিন বাজারে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হওয়া বেগুন দেড় কিলোমিটার দূরের কাজীর দেউড়ি বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়।

টমেটোর দামও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। শনিবার ৮০ টাকা করে বিক্রি হলেও বুধবার সন্ধ্যায় বিক্রি হয় ১৪০ থেকে ১৫০ টাকায়।

এছাড়া অন্যন্য দ্রব্যের দামও বেড়েছে রমজান উপলক্ষে।

শনিবার ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হওয়া কাকরোল বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা শনিবার বিক্রি হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা।

এদিকে, চার দিনের ব্যবধানে মরিচের দাম বেড়েছে ৬০ থেকে ৯০ টাকা।

শনিবার ৮০ টাকা করে কাঁচা মরিচ বিক্রি হলেও বুধবার তা বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ২০০ টাকা। তবে শশার দাম রয়েছে স্বাভাবিক। আগের দিনের মত বুধবারও শশা বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। 

বাজারে মরিচ, বেগুনসহ প্রায় সব শাকসবজির দাম বৃদ্ধিতে খানিকটা উঁচু গলায় কথা বলছিলেন সারওয়ার হোসেন। বললেন, এভাবে চলতে থাকলে সব নাগালের বাইরে চলে যাবে। কোনো ধরনের তদারকি না থাকাকেই দুষলেন তিনি।

“এ সবই হলো ব্যবসায়ীদের কারসাজি। কোনো উপলক্ষ পেলেই দাম বেড়ে যায়। দেখার কেউ নেই। আমরা সাধারণ ক্রেতারা কার কাছে প্রতিবাদ করবো, আর করেইবা কি লাভ। ফলতো নেই।”

এছাড়া এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহে ৩০ থেকে ৩২ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ বুধবার বিক্রি হচ্ছে ৪৫ টাকা দরে, যা মঙ্গলবার বিক্রি হয়েছে ৪০ টাকা।

রিয়াজউদ্দিন বাজারের শাহ্ আমানত বাণিজ্যালয়ের মালিক মাসুদ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাহিদা থাকার পরও বাজারে মরিচের সরবরাহ কম। দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামে মরিচ আসে। এ বছর মরিচের উৎপাদন কম হওয়ায় তার দাম বেড়ে গেছে। 

সরবরাহ স্বাভাবিক থাকার পরও কিছু কিছু পণ্যের দাম বেড়ে গেছে বলে স্বীকার করলেন কাজীর দেউড়ি কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক।

এজন্য তিনি আড়ৎদারদের দায়ী করে বলেন, “কিছু অসাধু আড়ৎদার ইচ্ছে করেই বেগুনসহ অন্যন্য কাঁচা মালের দাম বাড়িয়ে দিয়েছে।”

তবে রমজানের শুরুতে চাহিদা বেড়ে যাওয়াকেও একটি কারণ হিসেবে চিহ্নিত করেন রাজ্জাক।