‘আগামী সপ্তাহের মধ্যে’ শ্রম আইন সংশোধন চায় ইইউ
সংশোধিত শ্রম আইন পাশ করাকে ভবন ধসের পর বাংলাদেশের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার কারেল ডি গুচ।
তিনি বলেছেন, তারা বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত। তবে তার জন্য এ সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুতে আইন পাশ করতে হবে।
সোমবার জেনেভায় অনুষ্ঠিত শীর্ষ পর্যায়ের এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন গুচ।
তিনি বলেন, “এর লক্ষ্য হলো- শ্রম আইনের কিছু গুরুত্বপূর্ণ দিক আরো শক্তিশালী করা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সংগঠন করার অধিকার, সংগঠিতভাবে দরকষাকষির অধিকার এবং উন্নত নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা।”
বাংলাদেশের পোশাক কারখানায় সাম্প্রতিক দুর্ঘটনার পর শ্রম অধিকার ও কর্মপরিবেশের উন্নতি বিষয়ে ওই আলোচনা সভার আয়োজন করে ইইউ বাণিজ্য কমিশন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্র সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), শ্রমিক, শিল্প ও মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশোধিত শ্রম আইন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোসহ দেশের সব এলাকার শ্রমিকদের জন্য প্রযোজ্য হবে বলে আশা প্রকাশ করেন গুচ।
“এটা খুবই গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশের অন্যান্য এলাকায় শ্রমিকরা যেসব অধিকার ভোগ করেন এসমস্ত এলাকার শ্রমিকরাও সেসব অধিকার পাবে।”
