২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনীতির নামে সহিংসতা চাই না’

রাজনৈতিক কর্মসূচি থেকে সংঘাতে উদ্বেগ জানিয়ে এই অবস্থার অবসান চেয়েছে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 04:27 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

“গত ছয় মাসে রাজনৈতিক আন্দোলনের নামে বাংলাদেশে যা হয়েছে, তা রাজনীতি নয়, সহিংসতা,” বলেছেন চেম্বারের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে রোববার সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি জিম ম্যাককেইব, নির্বাহী পরিচালক এম এ মতিন উপস্থিত ছিলেন।

সহিংসতার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও জানান এরশাদ আহমেদ।

তিনি তাইওয়ানের দুজন বিনিয়োগকারীর কথা তুলে ধরে বলেন, “আমাদের চেম্বারের সদস্য তাইওয়ানের বিনিয়োগকারী, বাংলাদেশে যার বিনিয়োগ রয়েছে, তিনি এসব ঘটনার জন্য নতুন বিনিয়োগের পরিকল্পনা নিলেও তা করেননি।

“এছাড়া আরেকজন বিনিয়োগকারী, যিনি জুতার ফ্যাক্টরি করতে চান, যেখানে ৩০ হাজার লোকের কাজের সুযোগ হবে, তিনিও একই কারণে এই মুহূর্তে বিনিয়োগ করছেন না।”

“দলগুলোর ভিন্ন ভিন্ন মতাদর্শ থাকবে। জনস্বার্থে একটা-দুইটা হরতালও হতে পারে। কিন্তু আমরা কেউ সহিংসতা, খুন এসব চাই না।”

সংবাদ সম্মেলনে এরশাদ আহমেদ গত ৫০ বছরে এই সংগঠনের কার‌্যক্রম, বিনিয়োগের প্রতিবন্ধকতা ও সম্ভাবনা তুলে ধরেন।

বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে শিল্পের জন্য জমি পাওয়াকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এফআইসিসিআই সভাপতি বলেন, এছাড়া ঘন ঘন নীতির পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতা বিনিয়োগের প্রতিবন্ধক হিসেবে কাজ করে।

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নীতির পরিবর্তনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান তিনি। তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো কাটানোর ওপরও জোর দেন তিনি।

১৯৬৩ সালে বিদেশি বিনিয়োগকারীদের উদ্যোগে চট্টগ্রামে আগ্রাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নামে এই সংগঠনটি যাত্রা শুরু করে। স্বাধীনতার পর সংগঠনটির নাম পরিবর্তন করে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই) করা হয়। ১৯৮৭ সালে এর কার্যালয় রাজধানীতে স্থানান্তর হয়।

বর্তমানে এফআইসিসিআইয়ের সদস্য ১৯০ জন। প্রতিষ্ঠানটি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ‘এ’ ক্লাস সদস্য।