‘নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম ঠিক আছে’
বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম- দুটোই যথাযথ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাওরান বাজার ও মোহাম্মদপুরের টাউন হল বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তথ্য জানান।
তিনি বলেন, “বাজার পরিদর্শন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতার প্রমান পাওয়া গেছে।”
তালিকায় নির্ধারিত মূলের চেয়ে পণ্যের বেশি রাখার অভিযোগ প্রমাণিত হলে ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে’ বলে জানান তিনি।
আবুল কাসেম সাংবাদিকদের বলেন, “বাজারে পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ আছে এবং সরকার নির্ধারিতমূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি হচ্ছে।”
পরিদর্শনের সময় কমিটির সদস্য তহুরা আলী, ট্রের্ডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল সারওয়ার জাহান ও এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
