ডিএসই নির্বাচনে হার বাদলের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক নির্বাচিত হতে পারলেন না পুঁজিবাজারের আলোচিত নাম লুৎফর রহমান বাদল।
সোমবার ডিএসইর চার পরিচালক নির্বাচনে বিজয়ীরা হলেন- শাহেদ সিকিউরিটিজের শাহেদ আবদুল খালেক, মডার্ন সিকিউরিটিজের খুজিশতা নূর-ই নাহরিন, বিঅ্যান্ডবি এন্টারপ্রাইজের আজিজুল হক এবং শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসাইন।
সকাল ১০টা থেকে রাত ৮টা পযন্ত ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ডিএসই উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
মোট আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে লতিফ সিকিউরিটিজের বাদল ছাড়া পরাজিত অন্যরা হলেন- ডেসা সিকিউরিটিজের শামীম আফজাল, আদিল সিকিউরিটিজের দস্তগীর মোহাম্মাদ আদিল, এম অ্যান্ড জেড সিকিউরিটিজের মঞ্জুর উদ্দিন আহমেদ।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অধিকতর তদন্ত করলেও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
সোমবার নতুন চার পরিচালক নির্বাচিত হওয়ার পর আগামী শনিবার ডিএসই বার্ষিক সাধারণ সভায় এই ১২ জন পরিচালক তাদের মধ্য থেকে সংগঠনের নতুন সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করবেন।
বর্তমান সভাপতি রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, খাজা গোলাম রসুল ও শরিফ আতাউর রহমান এবার পরিচালক হিসাবে তাদের মেয়াদ শেষ করছেন।
নতুন নির্বাচিত চার জনের সঙ্গে আগের যে আট পরিচালক আগামী দিনগুলোতে পর্ষদ পরিচালনা করবেন তারা হলেন- আহমেদ রশীদ লালী, মোহাম্মদ শাহজাহান, আহসানুল ইসলাম টিটো, আজিজুর রহমান, আবদুল হক, মো. হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন ও মো. মিজানুর রহমান খান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম এ হাসেম ডিইসির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
