২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহায়ক নয়’

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারের ব্যক্তি বিনিয়োগকারীদের ইতিবাচক হলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সহায়ক নয় বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি আল মারুফ খান ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

তিনি বলেছেন, “বাজেটের বড় ইতিবাচক  দিক হলো ব্যক্তি শ্রেণির করদাতাদের করদায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ব্যক্তি শ্রেণির করদাতাগণ বিনিয়োগে আরো উৎসাহিত হবেন।

“প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনী লাভের উপর সরাসরি ১০ শতাংশ হারে কর কর্তনের পরিবর্তে আমরা মূলধন ধারণের মেয়াদ অনুযায়ী প্রগতিশীল হারে কর কর্তনের প্রস্তাব করেছিলাম। কিন্তু এই প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”

শনিবার ২০১৩- ২০১৪ সালের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা কথা বলেন সিএসই সভাপতি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়া করযোগ্য বিনিয়োগের সীমা এককোটি টাকা থেকে বাড়িয়ে দেড়কোটি এবং কর রেয়াতের জন্য বিনিয়োগের পরিসীমা মোট আয়ের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করেন তিনি।

তবে সিএসই এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে করমুক্ত লভ্যাংশের সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করার সুপারিশ এলেও বাজেটে তা ১০ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

মারুফ বলেন, “লভ্যাংশ আয়ের ক্ষেত্রে করমুক্ত সীমা ৫০ হাজার টাকায় উন্নীত করা হলে তা বিদ্যমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের  ক্ষতি পোষানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারতো।”

লভ্যাংশ আয়ের ক্ষেত্রে করমুক্ত সীমা ৫০ হাজার টাকা করার প্রস্তাব বিবেচনা করতে আবারো অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, “সামগ্রিকভাবে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির জন্য বিশেষ কোনো

পদক্ষেপ নেই।”

পুঁজিবাজার সংশ্লিষ্টদের পক্ষ থেকে তোলা প্রস্তাবগুলো আবোরো বিবেচনা করার আহবান জানান মারুফ।