২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে সমাবেশ নিষিদ্ধ করায় ‘ধন্যবাদ’ এফবিসিসিআইয়ের

দেশের বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত মতিঝিলে সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এফবিসিসিআই। এজন্য সরকারকে ধন্যবাদও দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2013, 03:04 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

রোববার হেফাজতে ইসলামের সহিংস কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার মন্ত্রিসভা মতিঝিলে সমাবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানিয়েছেন।

ওই সিদ্ধান্ত জেনে মঙ্গলবার এফবিসিসিআই বলেছে, এই সিদ্ধান্ত খুবই ইতিবাচক। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা।

মতিঝিলে অবস্থানকারী হেফাজতের কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনী তুলে দিলে পরদিন সেখানে অনেক ভবনে ধ্বংসচিহ্ন দেখা যায়। বিভিন্ন ভবন ভাংচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ফুটপাত এবং সড়ক বিভাজক লণ্ডভণ্ড করা হয়।

হেফাজতের আগের দিন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল মতিঝিলে সমাবেশ করেছিলো। রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী মতিঝিলে এর আগে সমাবেশ করেছিলো। গণজাগরণ মঞ্চের সমাবেশও হয়েছিলো সেখানে।

মতিঝিলে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকার কথা তুলে ধরে এফবিসিসিআই বলেছে, সাম্প্রতিককালে মতিঝিলে কয়েকটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ করতে দেয়ার ফলে সার্বিক বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো।

“হেফাজতে ইসলামের সমাবেশ পরবর্তী ব্যাপক সহিংস তাণ্ডবের ফলে মতিঝিল ও এর আশপাশের এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিলো। এই সহিংস তাণ্ডবে চার শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে।”

মতিঝিলে সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকবে বলে আশা করেছে এফবিসিসিআই।