সাভারে ধস: ক্ষতিপূরণ দিতে কোম্পানিগুলোর প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যের
যুক্তরাষ্ট্রের খুচরা পোশাক বিক্রেতা ব্র্যান্ড ওয়াল্ট ডিজনি কারখানায় বার বার দুর্ঘটনায় প্রাণহানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে পোশাক কেনা বন্ধ করার ঘোষণা দেয়ায় প্রতিবাদ জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য গ্রেস মেং।
সাভারে হতাহতদের ক্ষতিপূরণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য যুক্তরাষ্ট্রে পোশাকের খুচরা বিক্রেতাদের প্রতি দাবিও জানান তিনি।
সাভারে ভবন ধসে পোশাক শ্রমিকসহ পাঁচ শতাধিক নিহত হওয়ার ঘটনায় শনিবার নিউ ইয়র্কে এক সমাবেশে এই দাবি জানান নিউ ইয়র্ক থেকে নির্বাচিত গ্রেস মং।
তিনি বলেন, “ব্যবসা গুটিয়ে নেয়া চলবে না, হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে মার্কিন কোম্পানিগুলোকে।”
বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে সমস্যার সমাধান সম্ভব নয় মন্তব্য করে গ্রেস বলেন, “ব্যবসা গুটিয়ে নেয়ার সময়ও এটা নয়। বাংলাদেশের শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করাই এসময়ের মূল দায়িত্ব।”
কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রভাবশালী এই সদস্য বলেন, “ইতোমধ্যেই আমি ওয়াল-মার্ট, ওয়াল্ট ডিজনি, গ্যাপ ও আমেরিকান অ্যাপারেল ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছি। বাংলাদেশে কাজের নিরাপদ পরিবেশ দ্রুত নিশ্চিত করার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছি।
“এটিই হচ্ছে আমেরিকান কোম্পানিগুলোর দায়িত্ব যথাযথভাবে পালনের উপযুক্ত সময়, যা অনেক আগেই করা জরুরি ছিল।”
প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেন গ্রেস। তিনি বলেন, “প্রয়োজন হলে সহকর্মীদের সঙ্গে নিয়ে কংগ্রেসে বাংলাদেশের শ্রমিকদের সঙ্গে এধরনের নির্দয় আচরণের বিষয়ে শুনানি করব।”
বিকালে নিউ ইয়র্ক সিটির কুইন্সে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্দেশ্যে এ সমাবেশ হয়।
নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের মেম্বার এ্যাসেম্বলিম্যান ডেভিড আই ওয়েপ্রিনের আহ্বানে সমাবেশে আরো বক্তব্য রাখেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান মার্ক ওয়েপ্রিন, সিটি কম্পট্রোলার প্রার্থী রেশমা সৌজানি, কুইন্স অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির নেতা উমা সেনগুপ্ত ও দেশিজ রাইজিং আপ এন্ড মুভিংয়ের (ড্রাম) সংগঠক কাজি ফৌজিয়া।
সভায় বক্তারা ওয়াল্ট ডিজনির ভুমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ওয়াল-মার্ট এবং গ্যাপের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। এখন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের পাশে না দাঁড়ানোর প্রতিবাদে ওয়াল্ট ডিজনির সামনেও বিক্ষোভ করতে হবে।
নিউইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল ও সিএনএনসহ বিশ্বখ্যাত গণমাধ্যমগুলোকে বাংলাদেশের অসহায় শ্রমিকদের স্বার্থে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানান দক্ষিণ এশিয়ানদের অধিকার কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ড্রামের কাজি ফৌজিয়া।
তিনি বলেন, “ওয়ালমার্ট, গ্যাপ ও ওয়াল্ট ডিজনি বাংলাদেশের শ্রমিকদের ঠকিয়ে শত শত বিলিয়ন ডলার মুনাফা করছে। অথচ তারা শ্রমিকের নিরাপত্তার জন্যে কোনো অর্থ ব্যয় করেনি।”
এমন অমানবিক আচরণের জন্য তাদের কাছে শাস্তি দাবি করে তিনি বলেন, রানা প্লাজায় হতাহতদের ক্ষতিপূরণসহ আহতদের চিকিৎসার ভার তাদের নিতে হবে। কিন্তু তা না করে তারা বাংলাদেশ থেকে হাত গুটিয়ে নিচ্ছে ।
সাভারের হতাহাতের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্যে যুক্তরাষ্ট্র রেডক্রস ও ড্রামসহ আরো কয়েকটি সংস্থা তহবিল সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে বলে সমাবেশে জানানো হয়।
বার বার দুর্ঘটনায় প্রাণহানিতে কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর গত মার্চে বাংলাদেশসহ আরো চারটি দেশ থেকে পোশাক কেনা বন্ধ করার ঘোষণা দেয় ওয়াল্ট ডিজনি।
গত গত সপ্তাহে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর গত মার্চে ডিজনি কর্তৃপক্ষ তাদের পোশাক সরবরাহকারী ও লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেয়, যাতে বাংলাদেশের মতো ‘উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো’ থেকে উৎপাদন সরিয়ে নিতে বলা হয়।
ডিজনির সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৪ সালের এপ্রিল থেকে বাংলাদেশ ছাড়াও ইকুয়েডর, ভেনেজুয়েলা, বেলারুশ ও পাকিস্তান ওয়াল্ট ডিজনির আর কোনো কাজ পাবে না।
ওই সিদ্ধান্ত জানানোর এক মাসের মাথায় সাভারে স্মরণকালের ভয়াবহ ভবন ধসের ঘটনা ঘটে, যাতে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।
গত ২৪ এপ্রিল ভবন ধসের ওই ঘটনার পর বিশ্বব্যাপী গণমাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের নিরাপত্তার অভাবে বিষয়টি নতুন করে সামনে চলে আসে।
পশ্চিমের ক্রেতারা বাংলাদেশ থেকে কম দামে পোশাক কিনলেও এ দেশের কারখানাগুলোর কর্মপরিবেশ ও নিরাপত্তা নিয়ে তাদের ‘অবহেলার’ বিষয়টিও আলোচিত হয় বিভিন্ন প্রতিবেদনে। ক্রেতা প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশি পোশাক বর্জনেরও হুমকি দেয়া হয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইতোমধ্যে জানিয়েছে, পোশাক কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিরুদ্ধে তারা ‘ব্যবস্থা’ নেয়ার কথা ভাবছে, যার মধ্যে জিএসপি সুবিধার বিষয়টিও আসতে পারে।
এই সুবিধার আওতায় ইউরোপের বাজারে কিছু বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশের তৈরি পোশাক। প্রায় ২০ বিলিয়ন ডলারের এই শিল্পে ৩৬ লাখের বেশি শ্রমিক জড়িত, যাদের অধিকাংশই নারী।
বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও এ খাতের বহু শ্রমিকের আয় মাসে তিন হাজার টাকার বেশি নয়।
গত বছরের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে আগুনে অন্তত ১১২ জন পোশাক শ্রমিক নিহত হন। এর আগে সেপ্টেম্বরে পাকিস্তানেও ২৬২ জন পোশাক শ্রমিক অগ্নিকাণ্ডে নিহত হন।
বিশ্বে বাহারি পোশাকের অন্যতম বড় ক্রেতা ওয়াল্ট ডিজনি বাংলাদেশ থেকে মূলত শিশু কিশোরদের পোশাক কেনে। বিশ্বের নামি-দামি কোম্পানিগুলোকে নিয়ে করা ফরচুন-৫০০ তালিকায়ও ডিজনি রয়েছে।
