বাসি খাবার বিক্রি: দুই রেস্তোরাঁ মালিককে জরিমানা
বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীর মতিঝিলের হিরাঝিল ও ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ছয় লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
র্যাবের হাকিম এএইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোটেল দুটিতে অভিযান চালিয়ে তারা আগের দিনের বাসি মাংস দিয়ে বিরিয়ানি বিক্রি করতে দেখেন তারা। একইভাবে হালিম ও খিচুরিতেও ব্যবহার হয় বাসি মাংস।
এছাড়া দুই হোটেলেই আগের দিনের কাবাব পরের দিন গরম করে খাওয়ার জন্য পরিবেশন করা হয় বলে হাকিম জানান।
“পচা কলা দিয়ে ফালুদা তৈরি করা ছাড়াও রাস্তার ওপরে ধুলোবালির মধ্যে পরোটা, শিক কাবাব ও শর্মা তৈরি করা হয়।
এসব অপরাধে হিরাঝিল হোটেলকে চার লাখ এবং ঘরোয়া হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
আনোয়ার পাশা বলেন, কলাবাগার সেন্ট্রাল রোডে আরেকটি অভিযানে ভেজাল ঘি তৈরি করার দায়ে ‘ইমন ফুড প্রোডাক্টস’ এর মালিক আব্দুল খালেক ও তার প্রধান কারিগরকে এক বছর করে কারাদণ্ড এবং দুই লাখ টাকার জরিমানা করা হয়।
