২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেনে বিপাকে রপ্তানিকারকরা

ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাংকগুলো গ্রহণ করছে না উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশের বাংককে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে  তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 09:12 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার এসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এ সমস্যার বিষয়টি তুলে ধরেন।

এ সময় লিখিত বক্তব্যে এ প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন,"সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাংকগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রপ্তানি বিল বা ডকুমেন্ট গ্রহণ করছে না। ফলে ব্যাংকটির মাধ্যমে যারা রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন তারা মহাসংকটে পড়েছেন এবং রপ্তানি কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে। এজন্য জরুরিভাবে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।"

এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, নাজনীন সুলতানাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হওয়ার পর ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিশেষ করে তৈরি পোশাক খাতের গ্রাহকরা আমদানি-রপ্তানিতে জটিলতায় পড়ার কথা জানিয়েছেন।

এই বিষয়টি নিয়ে পোশাক খাতের প্রধান তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর নেতারা গত ২০ ফেব্রুয়ারি গভর্নরের সঙ্গে বৈঠক করে এটি সমাধানে লিখিত আবেদনও দেন।

জঙ্গি অর্থায়নের অভিযোগ ওঠার পর কয়েকবছর ধরেই আন্তর্জাতিক চাপে রয়েছে ইসলামী ব্যাংক।

এ অভিযোগ ওঠার পর এইচএসবিসি যুক্তরাজ্য, সিটি ব্যাংক এনএ, ব্যাংক অব আমেরিকা ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ করে দেয়।

ইসলামী ব্যাংকের ওপর বাংলাদেশ ব্যাংকের নজরদারি আগে থেকেই ছিল। ২০১০ সাল থেকেই এই ব্যাংকে একজন পর্যবেক্ষক নিয়োগ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান বর্তমানে পর্যবেক্ষকের এই দায়িত্ব পালন করছেন।

ইসলামী ব্যাংকের মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্রের সিনেট কমিটির এক প্রতিবেদনেও।  যদিও ইসলমী ব্যাংকের ওয়েব সাইটে ওই অভিযোগ অস্বীকার করে একটি ব্যাখ্যা দেয়া হয়েছে।

পুরনো খবর:

সঙ্কটে পড়ে সহায়তা চায় ইসলামী ব্যাংক