২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানকে ঢেলে সাজানোর পরিকল্পনা নতুন এমডির

দায়িত্ব নেয়ার ১০ দিনের মাথায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ‘ঢেলে সাজানোর’ পরিকল্পনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কেভিন স্টিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।

গত ১৮ মার্চ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের প্রথম বিদেশি এমডি হিসেবে দায়িত্ব নেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা কেভিন জন স্টিল।

বিমানের সর্বশেষ এমডি ছিলেন সাবেক এয়ার কমোডর জাকীউল ইসলাম। তার পর প্রায় ১১ মাস ওই পদটি চলছিল ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে।

কেভিন স্টিল বলেন, “প্রতিষ্ঠানটিকে লাভজনক করতে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি।”

এর মধ্যে রয়েছে বিমানের বর্তমান বহর এবং নেটওয়ার্ককে উল্লেখযোগ্য সম্প্রসারণ, শৃঙ্খলা ও গ্রাহক সেবার মানোন্নয়ন, নতুন ওয়েবসাইট ও অনলাইন চেক-ইন ব্যবস্থা, ব্যয় সংকোচন ও বিমানের কর্মক্ষমতা বৃদ্ধি ইত্যাদি।

আগামী গ্রীষ্মকালীন সময়সূচির শুরুতে এসব পরিকল্পনার কিছু অংশ বাস্তবায়ন শুরু হবে বলে তিনি জানান।

এর মধ্যে রয়েছে বিমানের সময়সূচি ঠিক রাখতে সব সময় একটি উড়োজাহাজ ‘স্ট্যান্ডবাই’ রাখা, বর্তমান অপারেশন নেটওয়ার্ক বাড়ানো এবং কমপক্ষে একটি নতুন রুট চালু করা।

বিমানের অগ্রগতি নিশ্চিত করতে একাধিক লক্ষ্য নির্ধারণ ও পদক্ষেপ নেয়া করা হবে বলে জানান তিনি।

বিমানের বর্তমান বহরের অনুপাতে একটি উড়োজাহাজ ‘স্ট্যান্ডবাই’ রাখার সিদ্ধান্ত উচ্চভিলাষী হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কেভিন বলেন, হয়তো, কিন্তু আমরা যদি বিমানের শিডিউল পুনর্বিন্যাস করি তাহলে এটি সম্ভব।

এ পরিকল্পনা বাস্তবায়ন হলে শিডিউল বিপর্যয়ের কারণে বিমানের যে পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়, তার অনেকটাই কাটানো যাবে বলে মনে করেন তিনি।

তবে এজন্য এ মুহূর্তে কোনো উড়োজাহাজ ভাড়ায় আনা হচ্ছে না বলেও জানান তিনি।

“আমি এখানে এসেছি মাত্র দশদিন হলো। আমার এখনো অনেক কিছু শিখতে বাকি। আমি এর আগেও উপমহাদেশে ৭ বছর কাজ করেছি, ব্রিটিশ এয়ারওয়েজ এভং ইতিহাদের মতো বিমান সংস্থায় কাজ করার অভিজ্ঞতা এখানে কাজে লাগালে বিমানকে লাভজনক করে তোলা সম্ভব হবে বলেই আমি মনে করি।”

বিমানের শ্রমিক সংগঠন (সিবিএ) অনেক শক্তিশালী হওয়ায় কাজ করাটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি আমার ওপর প্রত্যাশা রয়েছে, আর সেই প্রত্যাশা বাস্তবায়ন করাটা সহজ হবে, এটাও আমি আশা করছি না। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।”

Image
এই শীতেই ইয়াঙ্গুনে উড়বে বিমান

এই শীতেই ইয়াঙ্গুনে উড়বে বিমান

বিমানের ৩০ বছরের পুরনো ডিসি-১০ মডেলের উড়োজাহাজগুলোকে ‘তেল খেকো দানব’ আখ্যা দিয়ে তিনি বলেন, এক বছরের মধ্যেই এগুলোকে বাদ দেয়া হবে।

১৯৭২ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় যাত্রা শুরু করা বিমানকে ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানি ঘোষণা করা হয়। তবে এখনো লাভের মুখ দেখতে পারেনি প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিমান বহরে মোট দুটি ডিসি ১০, দুইটি এয়ারবাস ৩১০, দুটি বোয়িং ৭৩৭ এবং দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রয়েছে।

বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক ১৫টি রুটে সপ্তাহে ৬৫টি ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাবাহী বিমান।

উড়োজাহাজ সঙ্কটের কারণে অভ্যন্তরীণ রুটের ৭টির মধ্যে ৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।

পুরনো খবর:

শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণের উদ্যোগ
প্রথম বিদেশি এমডি পেল বিমান