২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় শিল্প রক্ষায় নীতি সহায়তা চান নির্মাতারা

দেশীয় শিল্প ও অর্থনীতি সুরক্ষায় দীর্ঘমেয়াদী নীতি সহায়তা চান বিভিন্ন পণ্যের স্থানীয় নির্মাতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 06:28 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সুপারিশে যুক্ত করতে স্থানীয় শিল্প রক্ষায় নিজেদের প্রস্তাবনাগুলো ইতিমধ্যেই তৈরি করছেন এধরণের তিনটি নির্মাতা সংগঠন।

তাদের প্রস্তাবনায় দীর্ঘমেয়াদী নীতি সহায়তা ছাড়াও আমদানি নিরুৎসাহিত করা এবং আন্ডার ইনভয়েসিং রোধে পদক্ষেপ নেওয়ার সুপারিশ রয়েছে বলে জানিয়েছেন তারা।

দেশের শিল্প ও অর্থনীতির সুরক্ষায় প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি বলে মত দিয়েছেন তারা।

বাংলাদেশ টেলিভিশন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোহাব্বত উল্লাহ বলেন, “শিল্প সম্ভাবনার দিক থেকে দেশের অনেক অগ্রগতি হয়েছে। এ অবস্থায় শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য একটি সুরক্ষা কবজ জরুরি।”

বাংলাদেশ রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব লোকমান হোসেন আকাশ বলেন, “যখন কোনো পণ্য উৎপাদনে কোন দেশ স্বয়ংসম্পূর্ণ হয় তখন ওই পণ্যসমূহ আমদানির উপর করারোপ বা অন্যান্য ব্যবস্থা নেয়া হয় আমদানি নিরুৎসাহিত করতে। অথচ আমাদের দেশে হচ্ছে এর উল্টোটা। এসব বিষয়ের দিকে নজর না দিলে রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ারকন্ডিশনার ও মোটরসাইকেল উৎপাদন খাত মুখ থুবড়ে পড়বে।”

সিরামিক ওয়্যারর্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব জাহেদী হাসান চৌধুরী বলেন, “দিন দিন সিরামিকস শিল্পের উদ্যোক্তারা নতুন নতুন কারখানা করার উদ্যোগ নিচ্ছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এ খাতের অন্যতম একটি বড় সমস্যা আমদানিতে আন্ডার ইনভয়েসিং।

বাংলাদেশ সিরামিক উৎপাদনে স্বয়ংম্পূর্ণ দাবি করে তিনি বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় বিদেশ থেকে সিরামিক পণ্য আমদানি করছে।”