২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-চেক যৌথ বাণিজ্য কমিশন হচ্ছে

বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের মধ্যে একটি যৌথ বাণিজ্য কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

সোমবার চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মার্টিন কুবার নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

কাদের বলেন, চেক প্রজাতন্ত্রের সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন গঠনে আগামী ডিসেম্বরে দুই দেশের মধ্যে বৈঠক হবে। আগামী বছরের এপ্রিলের মধ্যেই কমিশন গঠন করা হবে। বাংলাদেশের বাণিজ্যসচিব এবং চেক প্রজাতন্ত্রের উপ শিল্প ও বাণিজ্যমন্ত্রী এই কমিশনের নেতৃত্ব দেবেন।

গোলাম কাদের বলেন, বাংলাদেশ বিনামূল্যে চেক প্রজাতন্ত্রকে একটি কার্যালয় দেবে। তারা ওই কার্যালয়ে তাদের বিভিন্ন পণ্য প্রদশর্ন করবে।

অন্যদিকে চেক প্রজাতন্ত্রও বাংলাদেশকে একই সুবিধা দেবে জানিয়ে কাদের বলেন, দুই দেশে কার্যালয় স্থাপন হলে উভয় দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখা হবে।

বাণিজ্যমন্ত্রী কাদের বলেন, “আমরা চেক প্রজাতন্ত্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে চাই। তারা বিদ্যুৎ, টেক্সাইল, নবায়নযোগ্য শক্তি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।”

বৈঠক শেষে চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মার্টিন কুবা বলেন, চেক প্রজাতন্ত্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সরকারের সঙ্গে এ ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বৈঠকে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।