বিনিয়োগ পরিবেশ নিয়ে জাপানের উদ্বেগ
বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানিতে ‘দুঃখপ্রকাশ’ করে বিনিয়োগের ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে জাপান।
রোববার রাজধানীতে ৩৪তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যানস (ওডিএ) লোন প্যাকেজের আওতায় ১০৩ কোটি ডলারের একটি ঋণচুক্তির সময় জাপানের রাষ্ট্রদূত শিরো স্যাদোশিমা এ কথা বলেন।
শান্তিপূর্ণ আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে দেশের গণতন্ত্র অব্যাহত থাকবে আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করছি সংশ্লিষ্ট সব দল ও সমাজের সব অংশের সম্মিলিত প্রচেষ্টায় বিনিয়োগ-বান্ধব পরিবেশ বজায় থাকবে।
ওই সহিংসতার খবরে বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করায় গত বৃহস্পতিবার যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতে ইসলামীর সাম্প্রতিক তাণ্ডবের চিত্র তোলে ধরে কূটনীতিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন দীপু মনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্করসহ প্রায় ৭০ জন কূটনীতিক অংশ নেন।
রোববার জাপানের রাষ্ট্রদূত বলেন, “অবস্থার উন্নতি হবে এবং আরো জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসবে।”
অর্থ মন্ত্রণালয়ের হিসাবে, একক দেশ হিসেবে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। ১৯৭১ সালের পর থেকে দেশটি ১১০০ কোটি ডলারের আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে এখন ৭০০ কোটি ডলার ব্যবহার করা হয়েছে।
অবকাঠামো উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের চারটি প্রকল্পে জাপানের ঋণের ১০৩ কোটি ডলার অর্থ ব্যয় করা হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাইকার প্রধান প্রতিনিধি তাকাও তোদা উপস্থিত ছিলেন।
