২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচনে ভোট গণনা চলছে

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণের পর গণনা চলছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 03:51 AM

Updated : 25 Apr 2022, 06:28 PM

রোববার সকাল আটটায় ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরুর পর তা বিকাল পাঁচটা পর্যন্ত চলে। এরপর শুরু হয়েছে গণনা।

নির্বাচন কমিশনার বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীন জানিয়েছেন, ঢাকা কেন্দ্রে ২ হাজার ২৫৯ জন ভোটার ভোট দিয়েছেন।

এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২ হাজার ৫৯২ ভোট। এই কেন্দ্রে ৮৭ শতাংশ ভোট পড়েছে।

চট্টগ্রাম কেন্দ্রে ৫৫৪ জন ভোটার ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ৬০৪ জন ভোটার। ৯২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রের। এই কেন্দ্রের ১৭ জন ভোটার ঢাকা কেন্দ্রে ভোট দেন।

দুই কেন্দ্রের মোট ভোটে ৮৮ শতাংশ ভোট পড়েছে।

সংগঠনটির ব্যবসায়িক গোষ্ঠীর দুটি প্যানেল- ফোরাম ও সম্মিলিত পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদের দলনেতা হচ্ছেন আতিকুল ইসলাম। বর্তমানে এই পক্ষই পরিচালনা পর্ষদে রয়েছে। অন্যদিকে ফোরামের দলনেতা হচ্ছেন মাহমুদ হাসান খান বাবু।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ‘ধারাবাহিকতা’ আর ফোরাম প্যানেল ‘পরিবর্তন’ স্লোগান নিয়ে প্রচার চালিয়েছে।

নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৭ পদের বিপরীতে ১৪ জন।

এবার ভোটার সংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন।

নির্বাচিত পরিচালকেরা আগামী ২১ মার্চ একজন সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচন করবেন।

পুরনো খবর:

বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচন রোববার