২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর নতুন নেতৃত্ব নির্বাচন রোববার

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট হচ্ছে আগামী রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

গত নির্বাচন একতরফা হলেও আগামী দুই বছরের জন্য বিজিএমইএ পরিচালনা পর্ষদের ২০১৩-১৪ মেয়াদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল- ফোরাম ও সম্মিলিত পরিষদ।

২০১১-১২ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভুয়া ভোটার, নির্বাচনে কারচুপির পরিকল্পনার অভিযোগে ফোরাম গোষ্ঠী নির্বাচন বর্জন করে। ফলে সম্মিলিত পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সদস্যরা মনে করছেন, নির্বাচনে যে প্যানেলই জয়ী হোক না কেন, দেশের পোশাক খাতকে এগিয়ে নিতে নানা চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে নতুন নেতৃত্বকে। এজন্য নেতৃত্ব বাছাইয়ে সদস্যরাও নানান হিসেব নিকেশ করছেন।

তাজরীন ও স্মার্ট ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর দেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে চাপ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। সেই সঙ্গে রয়েছে আমেরিকার জিএসপি-সুবিধা স্থগিত হওয়া নিয়ে টানাপোড়েন, ইউরোপের আর্থিক মন্দা আর নতুন বাজার খোঁজাসহ নানা চ্যালেঞ্জ।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদের দলনেতা হচ্ছেন আতিকুল ইসলাম। বর্তমানে এই পক্ষই পরিচালনা পর্ষদে রয়েছে। অন্যদিকে ফোরামের দলনেতা হচ্ছেন মাহমুদ হাসান খান বাবু।দুজনই বিজিএমইএতে এর আগে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচনে সম্মিলিত পরিষদ ‘ধারাবাহিকতা’ আর ফোরাম প্যানেল ‘পরিবর্তন’ স্লোগান নিয়ে মাঠে নেমেছে।

নিয়ম অনুযায়ী নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে প্রচারনা বন্ধ করতে হয়েছে। এখন চলছে টেলিফোন, এসএমএস ও ই-মেইল শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা।

রোববার ঢাকা ও চট্টগ্রামে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন।

নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের সাত পদের বিপরীতে ১৪ জন ভোটে দাঁড়িয়েছেন।

ভোটার সংখ্যা তিন হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামে ৬০৪ জন।

নির্বাচনের পরে আগামী ২১ মার্চ একজন সভাপতি ও চারজন সহ-সভাপতি নির্বাচন করবেন পরিচালকেরা।

সম্মিলিত পরিষদের দলনেতা আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা চাই বিজিএমইএর কাজের ধারাবাহিকতা বজায় রাখতে। বর্তমান পরিচালনা পরিষদের অসম্পূর্ণ কাজ আমরা সম্পন্ন করবো। বিশেষ করে শ্রমিকদের সঙ্গে মুনাফার অংশীদারিত্ব (প্রফিট শেয়ারিং) এবং শ্রমিক সংগঠনে (ট্রেড ইউনিয়নে) ২০ শতাংশ বহিরাগত সদস্য রাখার বিধান আমরা হতে দেবো না।”

এছাড়া তৈরি পোশাক শিল্পের জন্য বিদ্যুৎ ও গ্যাসের ২৫ শতাংশ বরাদ্দ রাখা এবং ‘কমপ্লায়েন্ট’ হওয়ার জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রথমে যে কাজটি করবো তা হচ্ছে একটি স্বচ্ছ বিজিএমইএ। যাতে সংগঠনের সব সদস্য সমান সুবিধা পেতে পারে। একইসঙ্গে পিছিয়ে পড়া সদস্যদের সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

ফোরাম প্যানেল

বিজিএমইএ নির্বাচনে ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান বাবু। ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হচ্ছেন- এ বি এম সামছুদ্দিন, আবদুল্লাহ আল-মাহমুদ, আনোয়ার হোসেন, আনোয়ার কামাল পাশা, রশিদ আহমেদ হোসাইনী, ফয়সাল সামাদ, ফেরদৌস পারভেজ বিভন, ইনামুল হক খান, ইকবাল হামিদ কোরাইশী, এম এ রহিম, মজুমদার আরিফুর রহমান, মারিয়া জামান, কামাল উদ্দিন, রেজওয়ান সেলিম, শহিদুল হক, শহীদুল ইসলাম, শিহাব উদ্দোজা চৌধুরী, এম এ সালাম ও ভিদিয়া অমৃত খান।

ফোরামের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, আবদুল মান্নান রানা, এমদাদুল হক চৌধুরী, খন্দকার বেলায়েত হোসেন, মাজহারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস, নাসির উদ্দিন।

সম্মিলিত পরিষদের প্যানেলে

পরিষদের দলনেতা হচ্ছেন মো আতিকুল ইসলাম। পরিষদের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হচ্ছেন মো. সাজ্জাদুর রহমান মৃধা, এস এম মান্নান, মাহবুবুর রহমান, আবুল কালাম, মনসুরুল হক, শহিদুল্লাহ আজিম, খন্দকার আবদুস সালাম, কে এম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, পিয়ারা নার্গিস, মশিউল আজম, সৈয়দ সাদিক আহমেদ, মোহাম্মদ নাসির, ফাইজুন নবী চৌধুরী, আজমত রহমান, আতিয়ার রহমান, রিয়াজ-বিন-মাহমুদ, আবদুল্লাহ হিল রাকিব ও আরশাদ জামাল।

চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হচ্ছেন- নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মো. আবদুল ওহাব, শেখ সাদি, অঞ্জন শেখর দাশ, সাব্বির মোস্তফা, আমজাদ হোসেন চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম।