জিএসপি: ২৮ মার্চ যুক্তরাষ্ট্র কংগ্রেসে শুনানি
বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের বিষয়ে আবেদনের বিষয়ে শুনানি আগামী ২৮ মার্চ যুক্তরাষ্ট্র কংগ্রেসে হবে।
যুক্তরাষ্ট্রের শ্রমদপ্তরের সফররত একটি প্রতিনিধি দল মঙ্গলবারেএক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
প্রতিনিধি দলের নেতা ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি এরিক বিয়েল বলেছেন, এবিষয়ে সরকারের নেয়া প্রস্তুতিতে তারা ‘সন্তুষ্ট’।
তিনি বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি যে, আপনাদের সরকার আপনাদের দূতাবাসের মাধ্যমে আপনাদের স্বার্থে আমাদের সরকারকে তথ্য সরবরাহসহ ধারাবাহিক যোগাযোগের মধ্যে আছে।”
বিয়েল ও আন্তর্জাতিক অর্থনীতিবিদ মাইক ও’ ডোনোভান যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার বাতিলের জন্য আবেদনের বিষয়ে শুনানির আগে সরকার ও শিল্পউদ্যোক্তাদের প্রস্তুতির বিষয়ে জানতে এসেছেন।
ওই আবেদন এখনো পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে বিয়েল বলেন, “এটা আবারো সংবাদে এসেছে কারণ আমাদের সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে।”
তিনি বলেন, এই যোগাযোগের মধ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে, আবেদনে উল্লেখিত বেশ কয়েকটি বিষয়ে এখনো ‘অনিরসণীয় অবস্থায়’ রয়েছে। সামনের সপ্তাহগুলোতে ওই বিষয়গুলো সমাধান না হলে তা একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।
“যা জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়টিকে স্থবির করে দিতে পারে।”
তিনি বলেন, তথ্য পাঠানো ও যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির কার্যালয়, শ্রম দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বাংলাদেশি কর্মকর্তাদের ‘সম্পৃক্ততার মান’ দেখে তারা সন্তুষ্ট।
তিনি বলেন, ২৯ জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে ৩০ পৃষ্ঠার অত্যন্ত বিস্তারিত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
“এবিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় ও আমাদের যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিনিধির মধ্যেও আলোচনা হয়েছে।”
“আমাদের কাছে তথ্যের কোনো ঘাটতি নেই। তথ্য সরবরাহ ভাল। কিন্তু তার মানে এই না যে আমাদের দ্বিমত নেই বা কোনো প্রশ্নের অবকাশ নেই।”
এই সফর কোনো সিদ্ধান্ত নেয়ার জন্য নয় জানিয়ে তিনি বলেন, “এ সফর তথ্য জানার জন্য।”
তিনি বলেন, “আমরা এসেছি জানতে, প্রশ্ন করতে এবং বিভিন্ন ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে স্পষ্ট হতে।”
তাদের সঙ্গে শ্রম, বাণিজ্য, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স) সুবিধা বাতিলের আবেদন করেছে।
এএফএল-সিআইও যুক্তরাষ্ট্র সরকারের বাণিজ্য রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) বরাবর আবেদন করার পর বিষয়টি আমলে নিয়েছে সংস্থাটি।
এরপর ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অভিযোগের বিষয়ে মতামত দেওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। আগামী মার্চে এ বিষয়ে শুনানি হবে।
কংগ্রেসে ওই আবেদনের পর তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয়। এই অগ্নিকাণ্ড নিয়েও সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো।
একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধা পাওয়া পণ্যগুলো শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পায়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১১-১২ অর্থবছরের বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট রপ্তানির ২১ শতাংশ (৫০০ কোটি ডলার)।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে জিএসপির সুবিধায় বাংলাদেশ পণ্য রপ্তানি করেছিল ২ কোটি ৬৩ লাখ ডলারের। এ সুবিধায় রপ্তানি হয়েছিল তামাকজাত পণ্য, খেলাধুলা সামগ্রী, রান্নাবান্না সামগ্রী (চায়না কিচেনওয়্যার), প্লাস্টিক পণ্য ইত্যাদি।
